কর্ণফুলীর শিকলবাহা ক্রসিংয়ে ৭৭১ পিস ইয়াবাসহ নাজমুল ইসলাম সৈকত প্রকাশ সাইমন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার শিকলবাহা ক্রসিংয়ের আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইমন কঙবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইমনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৭৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।
কর্ণফুলী থানার উপপরিদর্শক নূরে আলম সিদ্দিক বলেন, সাইমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।












