আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার একটি কবরস্থানের ঝোপঝাড় থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কর্ণফুলী থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে মাতাল অবস্থায় জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান দিল মোহাম্মদ।
পুলিশ জানায়, গতকাল দুপুরে উত্তর বন্দর এলাকার কবরস্থানের ঝোপঝাড়ে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় মহিলা ইউপি সদস্য রুমি আকতার বলেন, এলাকার কবরস্থানের পাশে লাশটি পড়ে ছিল। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
দিল মোহাম্মদের বাড়ি কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায়। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের স্ত্রী ও পোশাক কারখানার শ্রমিক শামীমা আকতার অভিযোগ করে বলেন, তার স্বামী মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, নিহত দিল মোহাম্মদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।












