নগরীর কদমতলী এলাকায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমুখী ঢাকা মেইল ট্রেনের দুটি সিটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ট্রেনটি ওয়াশ পিট থেকে স্টেশনে প্রবেশ করার সময় গতকাল শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে কদমতলী ও চট্টগ্রাম রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। তবে সে সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। রেলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় ট্রেনটি ছাড়তে বিলম্ব হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, দুষ্কৃতকারীরা একটি কোচের দুটি আসনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা এবং ট্রেনে থাকা অন্য কর্মীরা পাঁচ মিনিটের মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।
রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনে প্রবেশের আগে ট্রেনটি প্রায় ৫০ মিনিট ধরে সিগন্যাল ছাড়পত্রের জন্য অপেক্ষা করছিল। দুষ্কৃতকারীরা মূলত এই সময়ের সুযোগ নিয়ে আগুন লাগিয়েছিল।
ঢাকা মেইল ট্রেনটি সাধারণত প্রতিদিন রাত ১১:৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। তবে এই ঘটনার কারণে এর যাত্রা বিলম্বিত হয়েছে।










