কক্সবাজার ভেন্যুতে ডাবল সেঞ্চুরি সিলেটের অমিত হাসানের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজার একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় ডবল সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান। সেখানে প্রথম দিনেই খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সিলেটের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ১০৯ রান নিয়ে আগের দিন ইনিংস শেষ করেছিলেন সিলেটের এই অধিনায়ক। এরপর গতকাল রোববার দ্বিতীয় দিনেও তার ব্যাট হেসেছে। খুলনার বোলারদের একের পর এক সীমানা ছাড়া করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। দিন শেষ করার ঘণ্টা দেড়েক আগে ব্যক্তিগত ২১৩ রান করে আউট হয়েছেন অমিত। ৪৫৫ বলের ইনিংসে ছিল ১৮টি চার ও ১টি ছক্কা। কেবল অমিতেরেই নয়, এবারের জাতীয় লিগেও এটি প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। এর আগে অমিতের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৮৬। এমন ইনিংস শেষে অমিত বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ডাবল সেঞ্চুরি করলে স্বাভাবিকভাবেই ভালো লাগে। এটি আমার প্রথম, তবে শেষ নয়। চেষ্টা থাকবে যেখানেই খেলি না কেন দলের হয়ে যেন কনট্রিবিউট করতে পারি।’ এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৬ রান করেছিলেন অমিত। সেই আক্ষেপ ঘোচালেন এবার, ‘আক্ষেপ ছিল আগে, সেবার ১৮৬ করেছিলাম, এবার ডাবল সেঞ্চুরি করতে পারলাম। বলতে পারেন আক্ষেপ ঘোচালাম অনেক দিনের। আমি সবসময় আমার প্রসেস অনুযায়ী খেলতে চাই। প্রসেস ঠিক থাকলে সবকিছু ভালো হবে ইনশা–আল্লাহ।’

অধিনায়ক অমিতের ডাবল সেঞ্চুরিতে সিলেট ৭ উইকেটে ৪৯৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। তাদের হয়ে সেঞ্চুরি পেয়েছেন আসাদউল্লাহ–আল গালিব (১১৫), তবে ১ রানের জন্য আক্ষেপ নিয়ে ফিরেছেন পিনাক ঘোষ (৯৯)। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে এখন পর্যন্ত কেবল দুই ওভার খেলেছে খুলনা।

পূর্ববর্তী নিবন্ধভারতের আপত্তিতে বিপাকে আইসিসি পাকিস্তানে সূচি নিয়ে অনুষ্ঠান স্থগিত
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের শাহাদাত-ইয়াসিরের ব্যাটে রান