কক্সবাজারে ‘শীর্ষ ছিনতাইকারী’ শের আলী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

| সোমবার , ১ জুন, ২০২৬ at ১১:৩২ অপরাহ্ণ

কক্সবাজার শহরের ‘শীর্ষ ছিনতাইকারী’ হিসেবে পরিচিত শের আলী (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, শের আলীর বিরুদ্ধে কক্সবাজার সদর ও উখিয়া থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র ও মাদক-সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

এসব মামলার মধ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, দণ্ডবিধির ৩৯৯/৪০২, ৪৫৪/৩৮০, ৪৫৭/৩৮০ ও ৩৭৯/৩৪ ধারার মামলা ছাড়াও অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, শের আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ওভারটেক করতে গিয়ে বাসের নিচে পিষ্ট যুবক
পরবর্তী নিবন্ধমশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই : প্রধানমন্ত্রী