কক্সবাজারে ভাড়া বাসায় শিশুকে যৌন নিপীড়নের মামলায় নাইটগার্ডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জারিমানা এবং অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আবুল কালাম মালীতা (৫৫) ঝিনাইদহের কালীগঞ্জ থানার হেলাই মাঝপাড়ার মৃত গোলাম নবী মালীতার ছেলে। তিনি কক্সবাজারে একটি হোটেলে নাইটগার্ডের চাকরির পাশাপাশি ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতার কাজ করতেন। গতকাল বুধবার বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রবিউল আলম এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলাটি ট্রাইব্যুনালে আসার ছয় মাসের মাথায় বিচারিক কার্যক্রম শেষ করে রায় প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা। মামলার বরাত দিয়ে পিপি ছলিমুল মোস্তফা জানান, কঙবাজার পৌরসভায় ভিকটিম শিশুর দাদির ভবনে ভাড়াটিয়া হিসেবে ছিলেন অভিযুক্ত আবুল কালাম মালীতা। ২০২৪ সালের ২৬ এপ্রিল বেলা আড়াইটার দিকে দাদি রুবি আকতার তার ৭ বছরের নাতনিকে ভবনের ২য় তলার ভাড়াটিয়া ফজলের কাছে সবজি দিতে পাঠান। সেখান থেকে ফেরার পথে অন্য ফ্লাটের ভাড়াটিয়া আবুল কালাম মালীতা ভিকটিম শিশুটিকে নাস্তা খাওয়ানোর প্রলোভনে রুমে ডেকে নেন। পরে সেখানে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন চালান। দীর্ঘক্ষণ নাতনি ফিরে না আসায় খুঁজতে গিয়ে বিকাল ৩টার দিকে মুর্মূর্ষু অবস্থায় আবুল কালাম মালীতার রুম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা আবুল কালাম মালীতাকে আটক করে র্যাব হেফাজতে দেয়। তিনি আরও জানান, চিকিৎসার পর নাতনি একটু স্বাভাবিক হলে দুদিন পর ২৮ এপ্রিল ভিকটিমের দাদী রুবি আক্তার কঙবাজার সদর থানায় আবুল কালাম মালীতাকে আসামি করে মামলা করেন।












