কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মোহাম্মদ ইলিয়াস ও মো. রাকিব। আহত মো. শাহজাহানও তাদের স্বজন। তারা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা। আহত শাহজাহান সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে কালভার্ট নির্মাণের জন্য ভিত্তি খননের কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে তিনজন চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইলিয়াস ও রাকিবকে মৃত ঘোষণা করেন।












