সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আমদানি করা প্রায় ৬০ কোটি টাকা দামের একটি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এতে করে জাহাজটি আবারো ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিশিষ্ট শিপ ব্রেকিং ব্যবসায়ী শওকত আলী চৌধুরী জাহাজটি আমদানি করেছিলেন।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকে থাকা ‘মেমেই’ নামের কেমিক্যাল ট্যাংকারটি গত ২২ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। গত ২৮ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জাহাজটিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে। অভিযোগ করা হয়, জাহাজটি ২০২৪ সালের জুলাই মাসে ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে ব্যবহৃত হয়েছিল। একই সঙ্গে এর মালিক হংকংভিত্তিক এভার শাইনিং লিমিটেডকেও নিষেধাজ্ঞা প্রদান করা হয়। সূত্র জানিয়েছে, ১৯৯৭ সালে নির্মিত ৪৪ হাজার ৮০০ টন ধারণক্ষমতার পালাউ–পতাকাবাহী ট্যাংকারটি মূলত তেল ও রাসায়নিক পণ্য পরিবহনে ব্যবহৃত হতো। নিষেধাজ্ঞার কারণে জাহাজটি ইয়ার্ডে নিয়ে ভাঙার অনুমতি না মেলায় এটিকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।












