ওয়ানডেতে মোস্তাফিজের বদলি সাইফ উদ্দিন, টি-টোয়েন্টিতে তাসকিন

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

পাঁচ বছর পর আচমকাই ওয়ানডে খেলার হাতছানি মোহাম্মদ সাইফ উদ্দিনের সামনে। চোটে ছিটকে পড়া মোস্তাফিজুর রহমানের জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। মোস্তাফিজ না থাকায় বদলে গেছে তাসকিন আহমেদকে নিয়ে পরিকল্পনাও। জিম্বাবুয়েতে টিটোয়েন্টি সিরিজ খেলে এরপর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাবে অভিজ্ঞ পেসার। হারারেতে প্রথম ওয়ানডেতে চোটে পড়ায় ৬ ওভার বোলিং করে মাঠ ছাড়েন মোস্তাফিজ। ফিট হয়ে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে তার। দেশে ফিরে পুনর্বাসন চলবে তার। এটিই দুয়ার খুলে দিয়েছে সাইফের দলে ফেরার। যেখানে খেলার পর থমকে আছে তার ওয়ানডে ক্যারিয়ার, সেখান থেকেই হতে পারে নতুন শুরু। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে এই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই। মূলত, বাংলাদেশ টিটোয়েন্টি দলের অংশ হিসেবে জিম্বাবুয়েতে গিয়েছেন তিনি। এলপিএলে জাফনা কিংসের খেলার অনাপত্তিপত্র পাওয়ায় টিটোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তাসকিন। তবে মোস্তাফিজের শূন্যতা পূরণে এখন তাসকিনকে রেখে দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে তিনি এলপিএলে চলে যাবেন। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এলপিএলের প্রথম দিনেই মাঠে নামবে জাফনা কিংস। পরের ম্যাচ ১৯ জুলাই। এই দুই ম্যাচে খেলতে পারবেন না তাসকিন। বুলাওয়ায়ো কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বুধবার শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ আগামী শুক্রবার ও ১৯ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইন্টার -সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের