এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অ্যাওয়ার্ড ২০২৬–এ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে ‘সিলভার’ ক্যাটাগরি এবং ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ বিভাগে ‘রুবি’ ক্যাটাগরির সম্মাননা অর্জন করেছে সংস্থাটি। বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস। চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়ে উভয় ক্যাটাগরিতেই সেরা হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ। দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে বাফুফের ধারাবাহিক উদ্যোগ ও কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই সাফল্যকে দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’–এর ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল বাফুফে। ফলে টানা দ্বিতীয় বছরের মতো এএফসির গ্রাসরুটস ফুটবলে সম্মাননা পেল বাংলাদেশ; যার সঙ্গে এবার যুক্ত হলো মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরির বিশেষ স্বীকৃতি। সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সামগ্রিক কর্মকাণ্ড ও সাফল্যের ভিত্তিতে ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার ২০২৬ (রুবি ক্যাটাগরি)’ পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে গৃহীত উদ্যোগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল ২০২৬ (সিলভার ক্যাটাগরি)’।











