লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথমবার দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। প্লেয়ার্স ড্রাফট থেকে স্পিনিং অলরাউন্ডার মিরাজকে দলে নিয়েছে গল গ্যালান্টস। আর পেসার হাসানকে টেনেছে কলম্বো ক্যাপ্স। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট হয় সোমবার। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাহিদ রানা, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, শামীম হোসেনসহ নাম দিয়েছিলেন বাংলাদেশের আরও অনেকেই। তবে ড্রাফট থেকে কেবল দল পেলেন মিরাজ ও হাসান। গলে সতীর্থ হিসেবে বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে পাচ্ছেন মিরাজ। ড্রাফটের আগের দিন এই কিপার–ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল।












