এম এ লতিফের বিরুদ্ধে দুদকের মামলা

৬ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কৃষি–হ্যাচারি থেকে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকার আয় দেখিয়েছেন চট্টগ্রাম–১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। কিন্তু অনুসন্ধানে নেমে এর কোনো প্রমাণই পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। মূলত ভুয়া আয়ের অংক বসিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি। গত সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপ–পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে নিজ কার্যালয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এতে কৃষি–হ্যাচারি থেকে দেখানো ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকাসহ সবমিলে এম এ লতিফের বরিুদ্ধে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে মামলা দায়েরের এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, এম এ লতিফ তার আয়কর রিটার্নে কৃষি ও হ্যাচারি খাত থেকে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখান। কিন্তু এই বিপুল টাকার বিপরীতে কোনো বৈধ কাগজপত্র বা প্রমাণ পায়নি দুদক। সাবেক এই সংসদ সদস্য নিজে বা তার পক্ষ থেকেও এর পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করা হয়নি। ফলে আয়কর নথিতে নাম থাকলেও বাস্তবে ভিত্তি না থাকায় এই টাকাকে বৈধ আয় হিসেবে ধরা হয়নি। মামলার এজাহারে বলা হয়, ১৪টি রেজিস্ট্রি দলিলের জমিসহ সাবেক এমপি লতিফের মোট অর্জিত সম্পদের পরিমাণ ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকা। অন্যদিকে, সমস্ত বৈধ উৎস থেকে পাওয়া আয় এবং পারিবারিক খরচ বাদ দেওয়ার পর তার প্রকৃত নিট বৈধ আয় পাওয়া যায় মাত্র ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। ফলে তার নিট বৈধ আয়ের চেয়ে অর্জিত সম্পদ ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা বেশি পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি মোস্তাফিজ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট
পরবর্তী নিবন্ধবিমান, বাস বা রিকশা কোনোটাই পাঠানোর কোনো কথা হয়নি : শামা ওবায়েদ