অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে জিতেছে বাংলাদেশ। সেই জয়কে এবার আরও বড় সাফল্যে রূপ দেওয়ার ইচ্ছে পোষণ করছে টাইগাররা। টানা তিনটি সিরিজ জয়ের পর আরেকটি জয়ের হাতছানি সামনে। প্রথম ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেন তাই বলছেন, সিরিজ জয়ের আত্মবিশ্বাস তাদের আছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই এখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। প্রায় চার ছর পর দলে ফিরেই অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ–সেরা হওয়া মোসাদ্দেক হোসেন অকপটেই বললেন, এবার পরের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান। ‘প্রথম ওয়ানডেতে জয় অবশ্যই আমাদের ঐতিহাসিক জয়। তবে আমি বলব যে খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার। আমরা যদি আমাদের প্রক্রিয়ায় থাকতে পারি, অবশ্যই জেতা সম্ভব এবং আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা আছে।’ বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্ব দিয়ে নিজেদের ঘাটতিও মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেয়ারি। এই কিপার–ব্যাটসম্যান পাশাপাশি শোনান ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও। ‘কিন্তু এটা তো একটা সিরিজ। আমাদের হাতে আরও দুটো ম্যাচ আছে এবং আশা করি এই ম্যাচটা থেকে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব। আমরা বেশ শান্ত আছি। দিনটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। উন্নতির অনেক সুযোগ আমাদের আছে, যা আমি মনে করি একটা ভালো দিক। এখন বৃহস্পতিবার সিরিজে ফিরে আসাটাই মূল ব্যাপার।’ সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ বৃহস্পতিবার মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে।












