এবার ধানের দাম বাড়ার অজুহাতে বাড়ছে চালের দাম

পাইকারিতে বস্তায় বেড়েছে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত

জাহেদুল কবির | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

ধানের দাম বৃদ্ধির অজুহাতে গত দুই সপ্তাহ ধরে বাড়ছে চালের দাম। এ সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৬৭ টাকা পর্যন্ত। পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন, উত্তরাঞ্চলের মিল মালিকরা চালের সরবরাহ কমিয়ে দিয়েছেন। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এমনিতে পরিবহন ভাড়া বেড়ে গেছে। ফলে ব্যবসায়ীদের ব্যবসার পরিচালনা ব্যয়ের ওপর প্রভাব পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের চালের মোকাম মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছেন। তাদের মিলে প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযানও নাই। যার ফলে তারা এক প্রকার মনোপলি ব্যবসা করছেন। ভোক্তারা বলছেন, চাল ব্যবসায়ীরা কখনো বন্যা, কখনো ধানের দাম বৃদ্ধি আবার কখনো পরিবহন ভাড়ার অজুহাতে চালের দাম বৃদ্ধি করে যাচ্ছেন। প্রশাসনকে এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাতে খুব বেশি দেখা যায় না। ফলে চালের মোকাম মালিকরা নিজেদের ইচ্ছায় চালের বাজার নিয়ন্ত্রণ করেন।

নগরীর চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে বাজারে বিশেষ করে নাজিরশাইল সিদ্ধ, জিরাশাইল সিদ্ধ, মিনিকেট আতপ, কাটারীভোগ আতপ চালের দাম বস্তা প্রতি (৫০ কেজি) সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। চালের আড়তদাররা জানান, বর্তমানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ৪০০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ ২০০ টাকা বেড়ে ২ হাজার ৬০০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ২৫০ টাকা বেড়ে ২ হাজার ৪০০ টাকা, কাটারিভোগ সিদ্ধ (২৫ কেজি) ১০০ টাকা বেড়ে গিয়ে ২ হাজার ১০০ টাকা, কাটারিভোগ আতপ (২৫ কেজি) বস্তাপ্রতি ১০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ টাকা, মিনিকেট আতপ ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ১৫০ টাকা, নাজিরশাইল সিদ্ধ (২৫ কেজি বস্তা) ১০০ টাকা বেড়ে ২ হাজার ২০০ টাকা, স্বর্ণা সিদ্ধ বস্তায় ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৫৫০ টাকা, বেতী আতপ বস্তায় ১০০ টাকা বেড়ে ২ হাজার ৫০০ টাকা এবং মোটা সিদ্ধ বস্তায় ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়।

চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রফিক উল্লাহ বলেন, ধানের দাম বেড়েছে তাই চালের দাম বেশি। এছাড়া সরকার এখন মিলারদের থেকে কাছ থেকে ধান চাল কিনছে। ফলে বর্তমানে মাঠ পর্যায়ে ধানের দাম বেড়েছে।

একই কথা বলছেন চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম। তিনি দৈনিক আজাদীকে বলেন, বর্তমানে প্রতি মণ ধানের দাম প্রায় ২০০ টাকা মতো বেড়েছে। তাই চালের দাম বাড়ছে। তবে গত কয়েকদিনে আবার চালের বাজার কিছুটা নিম্নমুখী।

পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, চালের সরবরাহ ঘাটতি না থাকলেও গত দুই সপ্তাহ ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। চালের মিল মালিকরা আমাদের জানিয়েছেনধানের দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে চালের বাজারে। আসলে উত্তরাঞ্চলের মিল মালিকদের শক্ত একটি সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেট চালের বাজার নিয়ন্ত্রণ করছে।

পূর্ববর্তী নিবন্ধআমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৭৮৬