সীতাকুণ্ডে বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে এক্স–রের মাধ্যমে তাদের পেট থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গত রোববার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আহাম্মদের ছেলে আবু ফয়েজ (৭০) এবং একই ক্যাম্পের বশির আহাম্মদের ছেলে এনামুল হক (৩২)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইয়াবার একটি চালান বহন করে ঢাকামুখী একটি গাড়িতে দুই ব্যক্তি সীতাকুণ্ডের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে ছোট দারোগারহাট এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন, তাদের পেটে ইয়াবা রয়েছে। পরে এঙ–রের মাধ্যমে তাদের প্রত্যেকের পেট থেকে ৫০০ পিস করে মোট এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এঙ–রের মাধ্যমে তাদের পেট থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।












