কিছুদিন আগে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। তারপর আমাদের চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে ৩০ ও ৩১ অক্টোবর মহাসমারোহে অনুষ্ঠিত হলো শিশুসাহিত্য উৎসব। বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। পনেরো জন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক এই উৎসবের উদ্বোধন করেন। চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে থেকে অনেক কবি সাহিত্যিকদের অংশগ্রহণে এই উৎসব মুখরিত হয়ে ওঠে। শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করেছে। প্রায় বিশটার মতো নতুন বই শৈলী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। লেখকদের স্বরচিত কবিতা পাঠ, বিভিন্ন গুণীজনদের গুরুত্বপূর্ণ কথামালায় মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। বইয়ের স্টলে শিশু কিশোরদের রঙিন বইয়ের ছড়াছড়ি। এই শিশু সাহিত্য উৎসব মূলত শিশুদের আনন্দ দানের জন্য এবং তাদের বইমুখী করার জন্য। আসলে উৎসব মানেই আনন্দ। উৎসব ছোট বড় সকলের জন্য আনন্দের।










