উশুর সেমিফাইনালে হেরেছেন জিন্নাত

এশিয়ান গেমস

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশের উশু কন্যা জিন্নাত আক্তার এশিয়ান গেমসে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির সেমিফাইনালে হেরে গেছেন। গতকাল তিনি চীনের শীর্ষস্থানীয় প্রতিযোগী উ দির কাছে। ফাইনালে ওঠা না হলেও জিন্নাতের ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল আগেরদিন সেমিফাইনালে উঠেই। এই ইভেন্টে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না থাকায় দুই সেমিফাইনালের পরাজিত দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পাবেন। আজ ফাইনাল শেষে জিন্নাতকে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক দেয়া হবে। সেমিফাইনালে প্রথম রাউন্ডে দুই মিনিট সময়ের মধ্যে ১ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত টিকে ছিলেন জিন্নাত। এই সময়ের মধ্যে দুবার পড়ে যান। ৪০ পয়েন্টে জিতে যায় প্রতিপক্ষ। পরের দুই মিনিট আর খেলার প্রয়োজন পড়েনি। সেমিফাইনালে হারলেও জিন্নাত আক্তারের হাত ধরে দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের ঝুলিতে ক্রিকেট ও কাবাডির মতো দলীয় ইভেন্টে সোনারুপা থাকলেও ব্যক্তিগত পদক ছিল মাত্র একটি। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে প্রথম ও শেষবারের মতো ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন। এরপর দীর্ঘ চার দশক কেটে গেলেও কোনো বাংলাদেশি অ্যাথলেট একক ইভেন্টে মেডেলের দেখা পাননি। অবশেষে আইচিনাগোয়া এশিয়ান গেমসে সেই আক্ষেপ ঘোচালেন নেত্রকোনার ২৩ বছর বয়সী এই তরুণী।

পূর্ববর্তী নিবন্ধআসিয়ান কাপে কাউকে ভয় পাচ্ছে না বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভা