নগরীর উত্তর কাট্টলী ভূমি অফিস ও হালিশহর বড়পোল ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। একই রাতে বাকলিয়ায় একটি ট্রাকেও আগুন লাগে। তবে ট্রাকের আগুনের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি পুলিশ। গত বুধবার গভীর রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে হালিশহরের বড়পোল এলাকার একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ ক্ষতিপ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। স্থানীয়রা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ শুরু করেছে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি অফিসে আগুন : এদিকে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা একটি পর্দায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।
পাহাড়তলী থানার পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাইরে থেকে অথবা সীমানাপ্রাচীর টপকে ভূমি অফিস চত্বরে ঢুকে জানালার পর্দায় আগুন দেয়। ধোঁয়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল।
পুলিশ জানায়, ভূমি অফিসে সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী ছিলেন। তবে ঘটনার সময় তিনি খাবার খেতে বাইরে গিয়েছিলেন। আগুনের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার জি–ব্লকের ছয় নম্বর সড়কে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাকে আগুন লাগে। পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, ট্রাকটি গত ১ নভেম্বর দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়ার পর ওই এলাকায় রাখা হয়েছিল। সেটি পলিথিন দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ভবনের ওপর থেকে কেউ জ্বলন্ত বিড়ি বা সিগারেটের অংশ ফেললে পলিথিনে আগুন ধরে যায়। ঘটনাটি নাশকতা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।





