বাংলাদেশের অটোমোবাইল শিল্পের একটি অগ্রগামী ও বিশ্বস্ত নাম উত্তরা মোটর্স লিমিটেড। বিশ্বখ্যাত জাপানি ইসুজু বাণিজ্যিক যানবাহন আমদানি, সংযোজন, প্রস্তুত এবং বিপণনে প্রতিষ্ঠানটির রয়েছে চার দশকেরও বেশি সময়ের শ্রেষ্ঠত্বের গৌরব। এরই ধারাবাহিকতায় উত্তরা মোটর্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস। গতকাল শনিবার জমকালো এই উন্মোচন অনুষ্ঠান যৌথভাবে উদ্বোধন করেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, ইসুজু জাপান–এর সিআইএস অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপের ম্যানেজার সাদাওমি ইচিহারা এবং মিস শিহুয়া শাং। এছাড়াও বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ নির্বাহী, ইসুজু ফ্লিট মালিকগণ, উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘ইসুজু এনকিউআর বাস–আপনার প্রতিদিনের ভ্রমণ সঙ্গী’ স্লোগানকে সামনে রেখে ডিজাইন করা এই প্রিমিয়াম গাড়িটি বাংলাদেশের যাত্রী পরিবহনে এক নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত। এটি কর্পোরেট কর্মীদের যাতায়াত, শিক্ষার্থীদের পরিবহন, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং প্রিমিয়াম ট্যুর বা ভ্রমণের জন্য একটি আদর্শ সমাধান। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পরিবহন খাত নিয়ে নিজের দূরদর্শী ভাবনা ব্যক্ত করতে গিয়ে উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, গত ৪০ বছরেরও বেশি সময় ধরে উত্তরা মোটর্স বাংলাদেশে বিশ্বমানের অটোমোবাইল সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্পূর্ণ ইসুজু লাক্সারি এনকিউআর বাসের সংযোজন আমাদের এই যাত্রায় আরেকটি মাইলফলক। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এই বাসটি কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক পরিবহনের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিচালন দক্ষতার এক নতুন মানদণ্ড স্থাপন করবে।
এই যৌথ উদ্যোগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইসুজু জাপানের সিআইএস অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপের ম্যানেজার সাদাওমি ইচিহারা বলেন, বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল বাজার, যেখানে উন্নত মানের পরিবহন অবকাঠামোর চাহিদা দিন দিন বাড়ছে। ইসুজুর বিশ্বমানের জাপানি ইঞ্জিনিয়ারিং এবং উত্তরা মোটর্সের বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি এই এনকিউআর বাসটি প্রতিদিনের যাতায়াতের কঠোর চাহিদা পূরণের পাশাপাশি দীর্ঘস্থায়িত্ব এবং যাত্রী সন্তুষ্টি নিশ্চিত করবে। সম্পূর্ণ নতুন ইসুজু এনকিউআর বাসটি এখন উত্তরা মোটর্সের দেশব্যাপী সেলস নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে, যার সাথে রয়েছে বিক্রয়োত্তর সেবা এবং জেনুইন খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা। প্রেস বিজ্ঞপ্তি।











