কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় গভীর রাতে বেপরোয়া গতির মিনি পিকআপের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সড়কের ডিভাইডার নির্মাণ কাজে নিয়োজিত ওই শ্রমিকের নাম মোহাম্মদ রবিউল (২২)। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাত আনুমানিক ১টার দিকে কোটবাজার এলাকায় দ্রুতগতির একটি মিনি পিকআপ প্রথমে একটি রিকশাকে চাপা দেয়। এরপর পালিয়ে যাওয়ার সময় সড়কে ডিভাইডার নির্মাণ কাজে কর্মরত রবিউল হাসানকে চাপা দিয়ে মারাত্মক আহত করে গাড়িটি পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা উখিয়া থানার সামনে পিকআপটি আটকানোর চেষ্টা করলে চালক আরও বেপরোয়া হয়ে ওঠে। পালানোর সময় পথে আরও দুটি রিকশাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনতার সহায়তায় টেকনাফের নয়াপাড়া এলাকায় গিয়ে ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে যান। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইউনুস জানান, রবিউল রামু এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার রাতে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।













