ইলিয়াস ব্রাদার্সের ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যাংকের ৪৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

নগরীর উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখার ৪৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় ইলিয়াস ব্রাদার্সের ৫ পরিচালকের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ইস্যু করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত ৫ দায়িক হলেন, মোহাম্মদ শামসুল আলম, মো. নুরুল আলম, মোহাম্মদ নুরুল আবছার, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম।

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ খেলাপি হলে ২০১২ ব্যাংকের পক্ষ থেকে দায়িকদের বিরুদ্ধে একটি অর্থঋণ মামলা দায়ের হয়। এ মামলায় আদালত কর্তৃক ডিক্রি জারি হলেও ঋণ পরিশোধ করা হয়নি। একপর্যায়ে ২০১৩ সালে ব্যাংকের পক্ষ থেকে ৪৫ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ১৯৮ টাকা আদায়ের জন্য অর্থজারি মামলা দায়ের করা হয়। তিনি বলেন, জারি মামলার পরও ঋণ পরিশোধ না হওয়ায় দায়িকদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ চেয়ে ব্যাংকের পক্ষ থেকে আবেদন করা হলে বিচারক আজকে (গতকাল) সেটি মঞ্জুর করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির ঈদে সাত দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর এনসিপির ১৬৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন