ইরানে খামেনির মরদেহ গ্র্যান্ড মোসাল্লায়

শেষ বিদায়ের প্রস্তুতি

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ইরানে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। গতকাল শুক্রবার তার মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে রাখার মধ্য দিয়ে শুরু হতে চলেছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। খামেনি নিহত হওয়ার চারমাসেরও বেশি সময় পর তাকে সমাহিত করার এই প্রক্রিয়া শুরু হল। আগামী ৯ জুলাই জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। খামেনির দাফন প্রথমে মার্চ মাসে হওয়ার কথা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। খবর বিডিনিউজের।

ইরান কর্তৃপক্ষ বলেছে, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ১ কোটি ২০ লাখ থেকে ২ কোটি লোক সমাগম হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্র গত জুন মাসে যুদ্ধ বন্ধে প্রাথমিক একটি সমঝোতা চুক্তি সই করার পর খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠান হচ্ছে।

ছয়দিনের এই আনুষ্ঠানিকতা আজ শনিবার স্থানীয় সময় সকাল ৬ টা থেকে শুরু হবে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায়। কাল রোববার বিকাল পর্যন্ত সাধারণ মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন। খামেনির কফিনবন্দি মরদেহ গ্র্যান্ড মোসাল্লায় একটি উঁচু স্থানে রাখা হবে তিনদিন। তার পাশাপাশি রাখা হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও।

দর্শনার্থীদের ঢোকা ও বের হওয়ার পথ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে প্রত্যেকেই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রদ্ধা নিবেদন শেষ করে বের হতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধপূর্বাঞ্চলে ইঞ্জিন সংকটে বিলম্বিত হচ্ছে প্রায় ট্রেন
পরবর্তী নিবন্ধরডবোঝাই ট্রাক বিলে, ৮ টন রডের নিচে চাপা ৩ শ্রমিক