কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী বেলাল উদ্দিন জানান, সোনারপাড়ার রেজু খাল ব্রিজ এলাকার প্যারাবন থেকে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্র সৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
নিখোঁজের সময় সায়েমের সঙ্গে থাকা তার বন্ধু আরমান জানান, তারা দু’জন একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে সায়েম হঠাৎ স্রোতের টানে পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা, বিচকর্মী এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও শনিবার তাকে খুঁজে পাওয়া যায়নি।
সমুদ্রে গোসলের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে লাইফগার্ড নির্দেশিত এলাকার বাইরে গোসলে না নামার আহ্বানও জানানো হয়েছে।











