১৯৮০–এর দশকের একটি গবেষণা। যাতে দেখা যায়, অস্ত্রোপচারের পর যে রোগীরা জানালা দিয়ে গাছপালা দেখতে পেতেন, তাদের তুলনায় দেওয়ালের দৃশ্য দেখা রোগীদের বেশি ব্যথার ওষুধ নিতে হয়েছিল। গাছপালা দেখা রোগীরা তুলনামূলক দ্রুত সুস্থও হয়েছিলেন। ২০২২ সালে ‘ট্রিজ ডটকম’ কর্তৃক ১২৫০ জন ব্যক্তির মধ্যে পরিচালিত একটি জরিপে ৬৫% ব্যক্তিই জানান গাছের সাথে গল্প করলে সাইকোলজিক্যাল স্ট্রেস কমে যায়। বিভিন্ন গবেষণায় আরো দেখা গেছে, গাছ রয়েছে এমন ঘর বা জায়গায় বসে কাজ করলে মনোযোগ বাড়ে। একইসঙ্গে উৎপাদনশীলতা ও সৃজনশীলতা উভয়ই বাড়ে। আবার বাড়ির চারদিকে বা ঘরের ভেতর গাছ থাকলে তা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। গাছে রয়েছে স্বল্পমাত্রার কর্টিসোল নামের স্ট্রেস হরমোন, যা মানুষের মস্তিষ্ককে শান্ত করে এবং আরামদায়ক অনুভূতি জাগায়। ইনডোর প্ল্যান্টের যত্ন নেওয়া, গাছের সাথে কথা বলা বা সময় কাটানো এক ধরনের মনস্তাত্ত্বিক থেরাপি হিসেবে কাজ করে, যাকে চিকিৎসাবিজ্ঞানে হর্টিকালচারাল থেরাপি বা ইকোথেরাপি বলা হয়।
‘সাইন্স ফোকাস’ সূত্রে জানা যায়, ইনডোর প্লান্টের ভালো দিক প্রমাণ করতে নাসার ১৯৮৯ সালে করা একটি গবেষণাকে সামনে রাখা হয়। স্পেস স্টেশনের মতো বদ্ধ জায়গায় গাছ উদ্বায়ী জৈবযৌগ বা Volatile Organic Compounds (VOCs) পরিশোধন করতে কতোটুকু সক্ষম তা পরীক্ষা করে দেখছিলেন সেসময় বিজ্ঞানীরা। রাসায়নিক যৌগের বড় একটি গ্রুপকে বলা হয় ভিওসি। যা মানব দেহের বেশ ক্ষতিকর। আমাদের বাসা কিংবা অফিসে ভিওসির উৎসের মধ্য আছে, দেয়ালের রঙ, আসবাবের বার্নিশ, কার্পেট এবং প্রিন্টার। গবেষণায় দেখা যায়, ২৪ ঘন্টা সময়ের মাঝে প্রজাতিভেদে বিভিন্ন গাছ, একটি ভিওসির ৭০ শতাংশ থেকে তিনটি ভিওসি শোষণ করে নিতে পারে।
ইনডোর প্লান্ট হলো সেইসব গাছ, যা ঘরের ভেতরে টব বা পাত্রে অল্প আলো ও যত্নে বেঁচে থাকতে পারে। এই গাছগুলো কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না; বরং স্বাস্থ্যের জন্যেও ভালো।
ইনডোর প্লান্টের কিছু উপকারিতা খতিয়ে দেখতে পারি আমরা।
ঘরের বাতাস পরিশোধন: ঘরের ভেতরে থাকা আসবাব, রং, প্লাস্টিক বা ইলেকট্রনিকস থেকে নানা ধরনের টক্সিন বাতাসে মিশে যায়। এগুলো দীর্ঘদিন শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে নানা অসুখের কারণ হতে পারে। যেমন অ্যালোভেরা, স্নেক প্লান্ট, মানি প্ল্যান্ট, পিস লিলি প্রাকৃতিক এয়ার পিউরিফায়ারের মতো কাজ করে। তারা বাতাসের ক্ষতিকর উপাদান যেমন ফরমালডিহাইড, বেনজিন, ট্রাইক্লোরো ইথিলিন শোষণ করে বাতাসকে বিশুদ্ধ করে তোলে।
অক্সিজেন বৃদ্ধি ও সতেজ পরিবেশ তৈরি: গাছপালা দিনে আলোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। তাই ঘরে এসব গাছ রাখলে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং ঘর সতেজ রাখে। বিশেষ করে, স্নেক প্লান্ট ও অ্যালোভেরা রাতেও অক্সিজেন ছাড়ে, যা ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে।
স্ট্রেস ও মানসিক চাপ কমাতে: প্রতিদিনের কাজের চাপ, পড়াশোনার ক্লান্তি, শহরের ভিড় আমাদের মানসিকভাবে ক্লান্ত করে ফেলে। গাছপালা সেই ক্লান্ত মনকে অনেকটা স্বস্তি দেয়। ভালো ঘুম নিশ্চিত করতে: ঘুম না আসা বা ঘুমের ব্যাঘাত আজকের যুগে অনেক সাধারণ সমস্যা। কিছু ইনডোর প্লান্ট যেমন ল্যাভেন্ডার, জুঁই, অ্যালোভেরা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। ল্যাভেন্ডারের হালকা সুগন্ধ স্নায়ুকে শান্ত করে, আর জুঁইয়ের সুবাস ঘুমকে গভীর করে তোলে।
ঘরের আর্দ্রতা বজায়: শীতের সময় ঘরে বাতাস শুষ্ক হয়ে যায়, যা ত্বক ও শ্বাসপ্রশ্বাসের জন্য ক্ষতিকর। গাছপালা পাতার মাধ্যমে পানির বাষ্প নির্গত করে ঘরের আর্দ্রতা স্বাভাবিক রাখে। এতে গলা শুকিয়ে যাওয়া, কাশি বা ত্বক শুষ্ক হওয়ার সমস্যা কমে যায়।
কর্মক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি: যেখানে সবুজ গাছ থাকে সেখানে কাজের আগ্রহ ও সৃজনশীলতা বেশি হয়। কারণ প্রকৃতির উপস্থিতি মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং ইতিবাচক চিন্তা বাড়ায়। এমনকি পরীক্ষার সময় বা দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারে চোখের চাপও কমায়।
শব্দ দূষণ কমাতে: কিছু কিছু ইনডোর প্লান্ট ঘরের ভেতরে থাকা শব্দ দূষণ কিছুটা শোষণ করে। বিশেষ করে বড় পাতাওয়ালা গাছ আশপাশের শব্দ কমিয়ে শান্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে।
প্রাকৃতিক থেরাপি: সবুজ পরিবেশ মানুষের মনে প্রশান্তি আনে। তাই অনেক ডাক্তার মানসিক রোগী বা স্ট্রেসে ভোগা মানুষদের ইনডোর প্লান্ট রাখার পরামর্শ দেন।
বাড়ায় রোগ প্রতিরোধক্ষমতা: ইনডোর প্ল্যান্টগুলোতে ফাইটোসাইড নামের একধরনের প্রাকৃতিক রাসায়নিক রয়েছে। যা রাসায়নিক ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। অর্থাৎ বাসাবাড়িতে ইনডোর প্ল্যান্ট থাকলে আপনার অসুস্থ হওয়ার সুযোগ কম।
এবার জেনে রাখি কয়েকটি জনপ্রিয় ইনডোর প্লান্ট নাম–পরিচয়।
মানি প্লান্ট: এটি লাকি প্লান্ট হিসেবেও পরিচিত। মানি প্লান্ট বাতাস বিশুদ্ধকারক গাছ। এর বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়, যেমন স্নো হোয়াইট, পেরু, মার্বেল কুইন, নিয়ন ইত্যাদি।
এরিকা পাম: এলার্জি ও বায়ুদূষণ থেকে রক্ষা করে এই ইনডোর গাছটি। দরজার দুপাশে, জানালার পাশে, ব্যালকনিতে ঘরের কর্নারে খুব সুন্দর লাগে এই গাছ।
অ্যালোভেরা: এমনকি ঘরের বাতাস বিশুদ্ধ করতে অ্যালোভেরার অবদান অনেক। এটি বাতাসে থাকা বেনজিন, ফরমালডিহাইড দূর করতে খুব কার্যকরী।
স্নেক প্লান্ট: খুব অল্প আলো আর সামান্য পানি পেলেই এরা বেঁচে থাকতে পারে। এই গাছ যদি ঘরে রাখা যায়, তা হলে ঘরে অক্সিজেনের ঘাটতি হবে না।
লাকি ব্যাম্বো: লাকি ব্যাম্বু ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে। অনেকগুলো প্রজাতির মধ্যে চায়নিজ ব্যাম্বু নামে পরিচিত গাছগুলো ছোট আকারের হয়। একটি কাচের পাত্রে সামান্য পানিতেই অনেকদিন রাখা যায়। এর থেকে অনেক সিস্টার প্লান্টের জন্ম হয়।
এসব প্লান্টের যত্নআত্তিটা কেমন হওয়া উচিত?
গাছের গোঁড়ায় ঘন ঘন পানি দেওয়া যাবে না। অতিরিক্ত পানি দিলে যেমন গাছের ক্ষতি হয়, একইভাবে কম পানি দিলে গাছের সজীবতা নষ্ট হয়ে যায়। আলো–বাতাস পেলে গাছ ঠিক মতো বড় হবে এবং ফাঙ্গাস জন্মাবে না।
পাতার আগার অংশ অনেক সময় কুঁকড়ে শুকিয়ে যায়। রুমের তাপমাত্রা বেড়ে গেলে এই সমস্যা হয়। তাই এমন হলে সঙ্গে সঙ্গে গাছ সরিয়ে ঠাণ্ডা স্থানে রাখুন। পোকামাকড়ের হাত থেকে গাছ রক্ষা করতে মাঝে মাঝে জীবাণুনাশক স্প্রে করতে হবে। গাছের পাতায় ধুলা বা ঝুল জমলে শুকনো নরম সুতি কাপড় বা হালকা স্পঞ্জ দিয়ে গাছের পাতা মুছতে পারেন। মাটি ভেজা থাকলে লিকুইড প্লান্ট ফুড দিন। প্রয়োজনের অতিরিক্ত প্লান্ট ফুড দেবেন না। নাইট্রোজেন, ফসফেট ও পটাশ আছে এমন লিকুইড প্লান্ট ফুডই ইনডোর প্লান্টের জন্য আদর্শ। ঝরে পড়া ফুল বা শুকনো পাতা টবের ভেতর থেকে ফেলে দেবেন। তাহলে গাছ ভালো থাকবে।
দিনের বড় একটা সময় ঘরে পার করি আমরা। তথ্যপ্রযুক্তির কল্যাণে ঘরে বসে এখন অনেক কাজ করা সম্ভব হচ্ছে। পৃথিবী জুড়ে আগের তুলনায় মানুষের ঘরে থাকার সময় বেড়েছে বহুগুণে। অপরদিকে নগরায়নের ফলে আমাদের চারপাশে জায়গা কমে যাচ্ছে। চাইলেও যে কোন জায়গায় ইচ্ছেমত গাছ লাগানো সম্ভব না। তার চেয়ে বরং অন্দরমহলটাকে একটু সবুজ করে নেওয়া যেতে পারে। এতে বাড়ির পরিবেশটা হবে আরও সুন্দর ও বসবাসের উপযোগী। একারণে শহরে ইনডোর প্ল্যান্ট এখন বেশ জনপ্রিয়। ‘একটুখানি সবুজ খুঁজি, একটু সবুজ হাওয়া/ এই শহরে একটু সবুজ, অনেক বেশি পাওয়া/ খুঁজে বেড়াই সবুজ পাড়া, খুঁজি সবুজ বন/ কে আমাকে ফিরিয়ে দেবে, সেই সে সবুজ মন।’–সবুজের জন্য গানের দল দলছুট–এর হাহাকার। আসুন হাহাকার কমাই। বাড়িগুলোকে ‘মোর দেন হাউজিং‘ হিসেবে চিন্তা করি।
লেখক: উপ–পরিচালক (জনসংযোগ), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)










