ইনডোর ক্রিকেট একাডেমি কাপে চ্যাম্পিয়ন হয়েছে নিও ক্রিকেট একাডেমি। সম্প্রতি অনুষ্ঠিত ফাইনালে তারা ৯ উইকেটে হারায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াদ ১৯, ফারহান ও মাহাদী উভয়ই ১৬ রান করেন। নিও ক্রিকেট একাডেমির ফয়েজ, জহির, আশেক ও মেহেদী প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। জবাবে নিও ক্রিকেট একাডেমির দুই উদ্বোধনী ব্যাটার রায়হান ও নূরউদ্দীনের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় তারা। রায়হান ১৬ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৪ রান করে বাধ্যতামূলক রিটায়ার্ডহার্টে গেলেও সমানসংখ্যক বলে ৫টি করে চার–ছয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন নূর উদ্দিন। রায়হান হন ম্যান অব দ্য ফাইনাল। এর আগে একই দিন বিকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নিও ক্রিকেট একাডেমি ৭ উইকেটে হারায় ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে। ব্রাদার্সের করা ১২৯ রান মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় নিও ক্রিকেট একাডেমি। নিও ক্রিকেট একাডেমির নূর উদ্দিন ম্যাচ সেরা হন। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে কোয়ালিটি ক্রিকেট একাডেমির করা ১০৬ রান ৩ উইকেট হারিয়ে টপকে যায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির ফারহান হন ম্যাচ সেরা। ফাইনালের আগে দুই সেমিফাইনালে হেরে যাওয়া ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও কোয়ালিটি ক্রিকেট একাডেমির মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৩৭ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে। টুর্নামেন্টে ১৭৮ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন ব্রাদার্স একাডেমির মিফতাহ। অন্যদিকে, টুর্নামেন্টে মোট ৭ উইকেট শিকার করে সেরা বোলার হয়েছেন নিও ক্রিকেট একাডেমির আশিক। টুর্নামেন্টে মোট ১২০ রান এবং বল হাতে ৪ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হয়েছেন আফতাব আহমেদ একাডেমির ফারহান। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দাইয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পোর্টিফাই ইভেন্টসের উপদেস্টা রোকসানা আলম।











