স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপের দ্বিতীয় দিনে আরও ৯টি খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স ইনডোর জিমনেসিয়ামে দিনের প্রথম খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি ৫৪ রানে হারায় মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে। দ্বিতীয় ম্যাচে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৫৩ রানে হারায় সিএস স্পোর্টসকে। দিনের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় মিলেনিয়াম। এবার তারা ৪২ রানে হারায় শাইনিং সিএকে।
চতুর্থ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৯ উইকেটে হারায় ড্রিম ক্রিকেট একাডেমিকে। দিনের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় সিএস স্পোর্টস ও মিলেনিয়াম ক্রিকেট একাডেমি। তাতে ৯ উইকেটের বড় জয় পায় সিএস। ষষ্ঠ ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৫ উইকেটে হারায় সানরাইজ ক্রিকেট একাডেমিকে। অন্যদিকে, সপ্তম ম্যাচে নিও ক্রিকেট একাডেমি ৩৮ রানের ব্যবধানে হারায় নাজিমুদ্দিন ক্রিকেট একাডেমিকে। দিনের অষ্টম ম্যাচে শতাব্দী ক্রিকেট একাডেমি ৩৫ রানে হারায় উদীয়মান ক্রিকেট একাডেমিকে। দ্বিতীয় দিনের সর্বশেষ ম্যাচে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ১০৩ রানের বড় ব্যবধানে হারায় মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে। গতকালের খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ আকতার মিয়া ও সিজেকেএস কাউন্সিলর আবু শামা বিপ্লব। আজ ২৫ জুলাই দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।











