ইতিহাসের শিক্ষা ধারণ করে যেকোনো অপতৎপরতা রুখে দিতে হবে

বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভায় এরশাদ উল্লাহ

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির ৪ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে এই ঘটনা রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। ৭ নভেম্বরের তাৎপর্য উপলব্ধি করতে হলে সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং জাতীয় স্বাধীনতা রক্ষার প্রেক্ষাপট অনুধাবন করতে হবে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান। স্বাধীনতার এত বছর পরও জাতীয় সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের শিক্ষা ধারণ করে যেকোনো আধিপত্যবাদী তৎপরতা, ষড়যন্ত্র এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সচেতন থাকতে হবে। তিনি ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের গৃহীত কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন,অধ্যাপক নুরুল আলম রাজু, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদুল আলম, কামরুল ইসলাম, মো. জাফর আহম্মদ, এ কে খান, গাজী আইয়ুব, এম এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মো. আবু মুসা, মো. আশ্রাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবসমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : ইস্রাফিল খসরু
পরবর্তী নিবন্ধবকের ভণ্ডামি