ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার দেশটির তরুণদের মধ্যে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে, জনমত জরিপে এমনটি দেখা গেছে। এ ধারা চলতে থাকলে আগামী বছরের জাতীয় নির্বাচনে মেলোনিকে মূল্য চুকাতে হতে পারে। খবর বিডিনিউজের।
২০২২ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের জন্য সুযোগ বাড়াতে মেলোনি বিশেষ কিছু করেননি, বরং আইন–শৃঙ্খলা রক্ষাকারী একগুচ্ছ কঠোর ও দমনমূলক পদক্ষেপ নিয়েছেন যেগুলো অনেক সময়ই তরুণদের ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মত বিশ্লেষকদের। রয়টার্স লিখেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী ইতালীয়দের মধ্যকার এই অসন্তোষ ২০২৭ সালের জাতীয় নির্বাচনে চরম লড়াইয়ের আভাস দিচ্ছে, যেখানে মেলোনির ডানপন্থী জোটের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে মধ্য–বামপন্থী বিরোধী শিবিরের।
জরিপে স্পষ্ট তরুণদের বিমুখতা : ভোট জরিপ সংস্থা ইউট্রেন্ড–এর প্রধান লোরেনজো প্রেলিয়াস্কো রয়টার্সকে জানান, তরুণ ভোটাররা স্পষ্টভাবেই মধ্য–বামপন্থার দিকে ঝুঁকছেন। তিনি জানান, মেলোনির দল ব্রাদার্স অব ইতালি (এফডিআই), মাত্তেও সালভিনির লিগ এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির মধ্যপন্থী ফরজা ইতালি সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোট ৩৫ বছরের নিচে থাকা তরুণদের মধ্যে বর্তমানে ৩০ শতাংশের কম সমর্থন পাচ্ছে। অথচ ডেমোক্রেটিক পার্টি (পিডি), ফাইভ–স্টার মুভমেন্ট এবং লেফট–গ্রীন অ্যালায়েন্স (এভিএস) নেতৃত্বাধীন বিরোধী জোট এই বয়সের প্রায় ৫০ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছে। ইউট্রেন্ড–এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মেলোনির জনপ্রিয়তার শীর্ষে শুধু তার নিজের দলই তরুণদের মধ্যে যে পরিমাণ সমর্থন পেত, তা এখন পুরো ক্ষমতাসীন জোটের মোট সমর্থনের সমান। এছাড়া ৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে মেলোনি সরকারের অনুমোদন হার এখন মাত্র ২৫ শতাংশ, যেখানে সাধারণ জনগণের ক্ষেত্রে তা ৩৫ শতাংশ। ইতালির তরুণদের মধ্যে লিঙ্গভিত্তিক স্পষ্ট রাজনৈতিক বিভাজন দেখা গেছে।












