ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

কাল সাজেক সড়কে আধাবেলা অবরোধের ডাক

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১০ মে, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাজেক ইউনিয়নের মারিশ্যাদীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা (৪৯) ওরফে তরুণ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার ছেলে।

গতকাল দুপুরে এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণসহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে শুক্রবার রাত যাপন করেন। সেখান থেকে শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ঠ্যাঙাড়ে (ইউপিডিএফগণতান্ত্রিক) সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিবৃতিতে তিনি এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করেছেন। তবে হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন গণতান্ত্রিক দলের সংগঠক অমর চাকমা।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের কাছে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

এদিকে, হত্যার ঘটনার প্রতিবাদে সাজেক ইউনিয়নের উজোবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে থেকে আগামীকাল সোমবার সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

পূর্ববর্তী নিবন্ধদোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ১২
পরবর্তী নিবন্ধবোরোতে রেকর্ড চাল পাওয়ার আশা