ফিফা আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। শুক্রবার জাকার্তায় তাদের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। মাঠে নামার আগে বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ কোনো প্রতিপক্ষকেই ভয় পায় না।
হামজা গত সোমবার বাংলাদেশ দলে যোগ দেন এবং শেষ তিন দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। ‘এ’ গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে পড়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা নিশ্চিতভাবেই একটি বড় সুযোগ। তাই আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা; কারণ আমরা কাউকে ভয় পেতে এখানে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।’ ২৮ বছর বয়সী এই ফুটবলার আরও বলেন, ‘এটি আমাদের জন্য শেখার একটি প্রক্রিয়া।
আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে চাই। দেশের মুখ উজ্জ্বল করতে আমরা এখানে এসেছি।’ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়াকে নিয়েও মন্তব্য করেন হামজা।












