আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ পর্যটন ও ব্যবসায়িক ভিসা বাতিল করতে পারে যুক্তরাষ্ট্র

| বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

পর্যটন ও ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা বা গ্রিনকার্ড পেয়ে যাওয়া বিদেশিদের ভিসা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন এমন বিদেশি নাগরিকদের ‘বি১’ ও ‘বি২’ ব্যবসা এবং পর্যটন ভিসা পর্যালোচনার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কার্যকর হলে দেশটিতে আশ্রয়প্রার্থীদের প্রায় দুই লাখ ভিসা বাতিলের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেমনটি হলে সেটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একবারে সবচেয়ে বড় গণভিসা বাতিলের ঘটনা। খবর বিডিনিউজের।

এই পদক্ষেপের তথ্য শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যমে আসার পর প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশেও দুশ্চিন্তার ছায়া পড়েছে। কারণ, বিভিন্ন সময় বি১ এবং বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পর বাংলাদেশিদের বড় একটি অংশ ফিরে না গিয়ে আশ্রয়প্রার্থী হিসেবে সেখানে গ্রিনকার্ড পেয়েছেন এবং নাগরিকত্বও গ্রহণ করেছেন। আবার বেশ কয়েক হাজার আশ্রয়ের আবেদন ঝুলে থাকলেও ওয়ার্ক পারমিট পেয়ে দিনাতিপাত করছেন বাংলাদেশিদের অনেকে।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, ২০১৬ সাল থেকে যারা ট্যুরিস্ট/বিজনেস ভিসায় যুক্তরাষ্ট্র এসে গ্রিনকার্ড পেয়েছেন অথবা আশ্রয়ের আবেদন করেছেন, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এ ধরনের অনৈতিক ও প্রতারণার আশ্রয় নেওয়া বিদেশিদের ভিসা, গ্রিনকার্ড বা ওয়ার্ক পারমিট বাতিলের প্রক্রিয়া শুরু হবে। এ ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন দুই লক্ষাধিক বিদেশি। টমি পিগট বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে আমরা এটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ভিসা পাওয়াটা একটি সুযোগ, অধিকার নয়। ননইমিগ্র্যান্ট (ট্যুরিস্ট/বিজনেস) ভিসায় স্বল্প সময়ের জন্যে যুক্তরাষ্ট্রে আসার পর যারা আশ্রয়ের আবেদন করেছেন স্থায়ীভাবে বসবাসের জন্যে, তাদের চিহ্নিত করতে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের সমন্বয়ে পররাষ্ট্র দপ্তর কাজ শুরু করেছে। কারণ এ ধরনের ভিসা ইস্যু করা হয় তাদের জন্যে, যারা নির্দিষ্ট সময়ের পর নিজ দেশে ফিরতে আগ্রহী।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ৩৮ লাখ টাকার বিদেশি মদ জব্দ