আমিরাত থেকে আসা ৮৩৭ কেজি রং ফর্সাকারী ক্রিম জব্দ

অভিনব পন্থায় ডাক বিভাগের মাধ্যমে আসে ক্ষতিকর এসব পণ্য ধ্বংস করতে কাস্টম হাউসের নিলাম শাখার হস্তান্তর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৩১ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত থেকে বৈদেশিক ডাকে আসা ৮৩৭ কেজি রং ফর্সাকারী ক্রিমের বড় একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত সোমবার ঢাকার কমলাপুর আইসিডিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, ঢাকা এয়ারফ্রেইটের কর্মকর্তাদের উপস্থিতিতে কমলাপুর আইসিডি, সহকারী পোস্টমাস্টার জেনারেল, এয়ারপোর্ট সটিং অফিসের প্রতিনিধি ও অন্যান্য সংস্থার উপস্থিতিতে এসব পণ্য কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ত্বকের জন্য ক্ষতিকর ক্রিম পাওয়া যায়। পরে চালানটির গন্তব্যস্থল নগরীর ফকিরহাট বৈদেশিক ডাক বিভাগে প্রেরণ করা হয়।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ২০২৩ তারিখে মার্কারি ও হাইড্রোকুইনোনযুক্ত রং ফর্সাকারী ক্ষতিকর স্কিন ক্রিমসংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি মোতাবেক প্রাপ্ত স্কিন ক্রিমগুলোর উৎপাদন, আমদানি ও বাজারজাত করা হতে বিরত থাকার নির্দেশনা রয়েছে। তাই বিএসআইটিআইয়ের বিজ্ঞপ্তি মোতাবেক এবং আমদানি নীতি আদেশ ২০২১২০২৪এর শর্ত যথাযথভাবে পরিপালন না করায় চালানটি জব্দ করা হয়েছে। অভিনব পন্থায় ডাক বিভাগের মাধ্যমে ক্ষতিকর পণ্য আসায় চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের বৈদেশিক ডাক বিভাগের দায়িত্বরত উপকমিশনার প্রভাত চন্দ্র সিংহ আজাদীকে বলেন, রং ফর্সাকারী ক্রিমের চালানটি ঢাকা কমলাপুর আইসিডি ডাক বিভাগে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে সেটি জব্দ করে কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। তারপর চালানটি ফকিরহাট বৈদেশিক ডাক বিভাগে পাঠানো হয়। রং ফর্সাকারী ক্ষতিকর এসব পণ্য ধ্বংস করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাঙ্গি ক্ষেতে স্কুলছাত্রের গলাকাটা লাশ
পরবর্তী নিবন্ধজানে আলম হত্যাকাণ্ড নিয়ে বিএনপির দুইপক্ষের বিবৃতি