আবাসন মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, নগরায়ণ, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে আবাসন খাতের গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশে গত কয়েক দশকে আবাসন শিল্প উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে এবং এটি বর্তমানে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠিত। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণির সমপ্রসারণ এবং উন্নত জীবনযাত্রার আকাঙ্ক্ষা আবাসনের চাহিদা ক্রমাগত বাড়িয়ে তুলছে। তাই আবাসন খাতের ভবিষ্যৎ সফলতা শুধু এই শিল্পের উন্নয়ন নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিরও অন্যতম ভিত্তি।
ভবিষ্যৎ সফলতার প্রধান ভিত্তি: বাংলাদেশের আবাসন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, নগরায়ণের গতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য শহরে আসছে। ফলে নতুন আবাসনের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ছে।
দ্বিতীয়ত, মধ্যবিত্ত ও উচ্চ–মধ্যবিত্ত জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাওয়ায় নিজস্ব বাসস্থানের প্রতি আগ্রহ বাড়ছে। নিরাপদ, পরিকল্পিত বিশ্বমানের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসনের চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
তৃতীয়ত, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন নতুন নতুন আবাসন এলাকার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্সপ্রেসওয়ে, সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নতুন সড়ক যোগাযোগের ফলে রাজধানী ও অন্যান্য শহরের আশপাশে আবাসন প্রকল্পের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।
প্রযুক্তিনির্ভর আবাসন শিল্প: ভবিষ্যতের আবাসন শিল্প হবে প্রযুক্তিনির্ভর। আধুনিক নির্মাণ প্রযুক্তি, বিল্ডিং ইনফরমেশন মডেলিং (ইওগ), নকশায় জমির সর্বোত্তম ব্যবহার স্মার্ট হোম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন জরিপ এবং ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা নির্মাণকে আরও নিরাপদ, দ্রুত এবং ব্যয়সাশ্রয়ী করবে।
স্মার্ট অ্যাপার্টমেন্ট, ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা, স্বয়ংক্রিয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ, স্মার্ট পার্কিং এবং শক্তি–সাশ্রয়ী প্রযুক্তি ভবিষ্যতের আবাসন প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠবে।
পরিবেশবান্ধব নির্মাণের গুরুত্ব: জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব নির্মাণ এখন সময়ের দাবি। ভবিষ্যতে সবুজ ভবন, সৌরবিদ্যুৎ ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক নকশা আবাসন শিল্পের অপরিহার্য অংশ হয়ে উঠবে।
পরিবেশবান্ধব নির্মাণ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও কমাবে। ফলে গ্রাহক এবং নির্মাতা উভয়েই আর্থিক ও পরিবেশগতভাবে উপকৃত হবেন।
বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা: বাংলাদেশের অর্থনীতি সমপ্রসারণের সঙ্গে সঙ্গে দেশি–বিদেশি বিনিয়োগের সুযোগও বাড়ছে। আবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে।
প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে আকর্ষণ, সহজ গৃহঋণ ব্যবস্থা, দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং অনলাইন সেবা চালুর মাধ্যমে আবাসন খাতে নতুন বিনিয়োগের দ্বার উন্মোচিত হতে পারে।
সরকারের ভূমিকা: আবাসন খাতের সফলতার জন্য সরকারের নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌক্তিক করনীতি, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, স্বল্পসুদে গৃহঋণ এবং পরিকল্পিত নগরায়ণ সুন্দর দৃষ্টিনন্দন ভবন নির্মাণ সুযোগ প্রদান এই খাতকে আরও গতিশীল করবে।
সরকারি ও বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে আবাসন শিল্প আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।
রিহ্যাবের ভূমিকা: রিহ্যাব দেশের আবাসন শিল্পের একমাত্র শীর্ষ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সদস্যদের প্রশিক্ষণ, নির্মাণ শ্রমিকদের পেশাগত প্রশিক্ষণ প্রদান নৈতিক ব্যবসা নিশ্চিতকরণ, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সমপ্রসারণ এবং ক্রেতাদের আস্থা বৃদ্ধিতে ব্যবসায়িক স্বচ্ছতা রিহ্যাবের উদ্যোগ আবাসন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
চ্যালেঞ্জ: সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। জমির উচ্চমূল্য, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া, উচ্চ সুদের হার, দক্ষ জনবলের ঘাটতি এবং পরিবেশগত ঝুঁকি আবাসন শিল্পের অগ্রগতিকে প্রভাবিত করতে পারে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক পরিকল্পনা, স্বচ্ছতা, প্রযুক্তির ব্যবহার এবং সরকারের কার্যকর নীতিমালা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
ভবিষ্যৎ করণীয়: আবাসন খাতের টেকসই সফলতার জন্য কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, পরিবেশবান্ধব নির্মাণকে উৎসাহিত করা, প্রযুক্তিনির্ভর নির্মাণব্যবস্থা চালু করা, দক্ষ মানবসম্পদ তৈরি, সহজ ও সহনীয় সুদে গৃহঋণ প্রদান, সরকারি অনুমোদন দ্রুত সম্পন্ন করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। একই সঙ্গে ক্রেতার অধিকার সংরক্ষণ, নির্মাণের মান বজায় রাখা এবং স্বচ্ছ ব্যবসায়িক সংস্কৃতি প্রতিষ্ঠা আবাসন শিল্পের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
লেখক: পরিচালক, রিহ্যাব, কো–চেয়ারম্যান, চট্টগ্রাম রিজিওনাল কমিটি, ব্যবস্থাপনা পরিচালক, ইস্ট ডেল্টা হোল্ডিংস লিঃ












