আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

সরওয়ার নিজাম এমপির শোক

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার ৯ নম্বর ওয়ার্ডে নিজ ঘরে তার মৃত্যু হয়।

নিহত জামাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন। তার মৃত্যুতে আনোয়ারাকর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে নিহত জামাল উদ্দিনের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে আগুন নেভাতে চাচাতো ভাইয়ের ঘরে ছুটে যান তিনি। এরপর নিজ ঘরে ফিরে আইপিএসের লাইন বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গতকাল আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সরওয়ার জামাল নিজাম এমপিসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাতে নিজ ঘরে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে ‘এসডিজি ভিলেজ’
পরবর্তী নিবন্ধ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ভাইরাল হওয়া সেই মিজান গ্রেপ্তার