আনন্দলোকে মঙ্গলালোকে

সুকান্ত ভট্টাচার্য : জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি

রাশেদ রউফ | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

‘সুকান্ত ভট্টাচার্য জীবিত থাকলে আজ তাঁর বয়স হতো শতবর্ষ, কিন্তু তিনি প্রৌঢ়ত্বের কবি নন। আমরা মনে করি কবি তিনি আঠারোর। অবাধ্য, স্পর্ধিত, দুর্যোগ–প্রতিপালিত আঠারোর দীপ্ত জয়–ঘোষণা তিনি নিজেই করে গেছেন তাঁর কবিতায়। আঠারো তিনি পার হয়েছিলেন, মারা গেছেন একুশে, কিন্তু আঠারো অক্ষয় হয়ে আছে তাঁর বক্তব্যে, ভাষায়, ছন্দস্পন্দে, উপমায়।’

কথাগুলো যশস্বী লেখক বহুমাত্রিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর। সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘সুকান্ত ভট্টাচার্য’–এ অন্তর্ভুক্ত প্রথম লেখা এটি। গ্রন্থটি সম্পাদনা করেছেন ড. মোরশেদ শফিউল হাসান ও মাইনুর নাহার। মোরশেদ শফিউল হাসান একজন খ্যাতিমান প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও গবেষক। ২০১৬ সালে তিনি প্রবন্ধ ও গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘পূর্ব বাঙলার চিন্তাচর্চা (১৯৪৭–১৯৭০) : দ্বন্দ্ব ও প্রতিক্রিয়া’ (২০১২) উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ। মাইনুর নাহার একজন প্রতিভাবান কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। অনুপম প্রকাশনীর কর্ণধার মিলন নাথ একজন দায়িত্বশীল প্রকাশক। দেশের অনেক বরেণ্য লেখকের বই তাঁর হাত দিয়ে প্রকাশিত হয়েছে।

শতবার্ষিক স্মারকগ্রন্থ ‘সুকান্ত ভট্টাচার্য’–এ সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও লিখেছেন আবুল কাসেম ফজলুল হক, সুভাষ দে, সৈয়দ মোহাম্মদ শাহেদ, মোবাশ্বেরা খানম বুশরা, সোহরাব হাসান, ভীষ্মদেব চৌধুরী, ইসরাইল খান, সৈয়দ আজিজুল হক, আহমাদ মাযহার, কুদরত–ই হুদা, রাজীব সরকার, নীলিমা তাবাসসুম। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা পুনর্মুদ্রণ হয়েছে। তালিকায় আছেন মুজফফর আহমদ, তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, রণেশ দাশগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, আহমদ শরীফ, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বদরুদ্দীন উমর, সুনীল গঙ্গোপাধ্যায়, আনিসুজ্জামান, আবদুল মান্নান সৈয়দ ও জীবনকুমার চক্রবর্তী। এ বিষয়ে সম্পাদকদ্বয়ের বক্তব্য হলো: ‘বইয়ের পুনর্মুদ্রণ অংশে আমরা সুকান্তের মৃত্যুর পর তৎকালীন ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপত্র স্বাধীনতায় প্রকাশিত কয়েকটি নিবন্ধ, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তাঁর লেখা প্রবন্ধসহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সুকান্তকে নিয়ে লেখা বেশ কিছু রচনা সংকলন করেছি। এ ব্যাপারে মিহির আচার্য সম্পাদিত সুকান্তনামা, সুজিতকুমার নাগ সম্পাদিত সুকান্ত স্মৃতি, বিশ্বনাথ দে সম্পাদিত সুকান্ত বিচিত্রা প্রভৃতি বইয়ের সাহায্য আমরা নিয়েছি। বিশিষ্ট গবেষক ড. ইসরাইল খান বাংলাদেশে প্রকাশিত সুকান্ত বিষয়ক কয়েকটি পুরানো লেখা সংগ্রহ করে দিয়ে আমাদের সহায়তা করেছেন। একইভাবে সহযোগিতা করেছেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, অধ্যাপক মাহবুব বোরহান, মামুন সিদ্দিকী, ড. মীজান রহমান প্রমুখ।’ প্রবন্ধ ছাড়াও এতে স্থান পেয়েছে নিবেদিত কবিতা ও অনূদিত কবিতা। নিবেদিত কবিতায় স্থান পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, অরুণ মিত্র, মণীন্দ্র রায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও অলোকরঞ্জন দাশগুপ্ত–এর কবিতা। অনূদিত কবিতায় আছেন আফসার চৌধুরী, মোহীত উল আলম, আবেদীন কাদের ও মাইনুর নাহার।

সুকান্ত ভট্টাচার্য স্মারক গ্রন্থটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন আমরা তাঁকে ভুলতে বসেছি। মাত্র ২১ বছর বয়সে সুকান্ত কীভাবে এত শিল্পকর্ম সৃজন করেছেন, এটা এক বিস্ময়কর।

সুকান্তের জন্ম ১৫ আগস্ট ১৯২৬ এবং মৃত্যু ১৩ মে ১৯৪৭। তাঁর সবগুলো বই–ই প্রকাশিত হয়েছে তাঁর মৃত্যুর পর। তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো: ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলি প্রকাশিত হয়।

সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টিকর্ম এখনো প্রাসঙ্গিক। কাব্য সমালোচকদের মতে, ‘আজও যখন সমাজে বৈষম্য, ক্ষুধা, বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে মানুষ লড়াই করে, তখন সুকান্ত ভট্টাচার্যের কবিতা নতুন করে উচ্চারিত হয়। তিনি কেবল একটি রাজনৈতিক মতাদর্শের কবি নন; তিনি মানুষের মর্যাদা, সাম্য ও ন্যায়বিচারের কবি। তাঁর অগ্নিময় কবিতার ভাষা আজও আমাদের মনে করিয়ে দেয় কবিতা কেবল অনুভূতির নয়, পরিবর্তনের। তিনি উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অস্তগমন দেখে যেতে পারেননি। কিন্তু যে স্বাধীনতার স্বপ্ন তিনি দেখেছিলেন, তা কেবল ঔপনিবেশিক শাসনের অবসান নয়; ছিল ক্ষুধা, বৈষম্য ও শোষণমুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন। সেই স্বপ্ন আজও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি বলেই তাঁর কবিতা আজও নতুন প্রজন্মকে আলোড়িত করে।’ তিনি তাঁর কবিতাকে প্রধানত বঞ্চিত ও দরিদ্র মানুষের জীবনের পরিবর্তনের জন্য নিয়োজিত করেছিলেন। তিনি লিখেছেন,

এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ,

দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ।

স্বপ্নচূড়ার থেকে নেমে এসো সব,

শুনেছ, শুনেছ, উদ্দাম কলরব।

তিনি শুধু ইতিহাসের সাক্ষী নন, তাঁর সময়ের অন্যতম সেরা ভাষ্যকারও। ইতিহাসের সাক্ষী ও লেখক শুধু নন, ইতিহাসের স্রষ্টা হওয়ারও সংকল্প নিয়ে তিনি কলম ধরেছেন। পবিত্র সরকার বলেছেন, ‘ইতিহাসের স্রষ্টা তো নানাভাবে হওয়া যায়। এক, কাজের মধ্য দিয়ে, রাজনৈতিক সংগঠন বা পার্টির অংশ হয়ে, দিনবদলের জন্য কর্মী হয়ে। সুকান্ত বিশেষ করে ছোটদের সংগঠন ‘কিশোর–বাহিনী’ তৈরি করে একটি অসামান্য কাজ করেছিলেন, যা এখনও তাঁর স্বপ্নকে বহন করে চলেছে। আর দুই, তাঁর প্রধান আত্মপরিচয় তৈরি হয়েছে তাঁর কবিতায় ও অন্যান্য রচনায়। ইতিহাস বদলের লক্ষ্যে এগুলির কী ভূমিকা, সে প্রশ্ন উঠতেই পারে। আমরা বলব, দিনবদলের কর্মী ও সৈনিকদের প্রেরণা সৃষ্টির ভূমিকা। তাঁদের কোন্‌ স্বপ্ন দেখতে হবে, কেন সেই স্বপ্নপূরণের লক্ষ্য থেকে বিচলিত হলে চলবে না, কেন তাতে দ্বিধা বা জড়তার স্থান নেই, সুকান্তের মতো স্রষ্টারা যুদ্ধের চারণগায়কদের মতো যুদ্ধেরই অঙ্গ হয়ে যান। সেই চারণ সুকান্তই আমাদের মূল লক্ষ্য।’

সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে এ গ্রন্থটি প্রকাশ করে সম্পাদক ও প্রকাশক গুরুত্বপূর্ণ দাায়িত্ব পালন করেছেন। এটি সময়ের অনন্য দলিল হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে। এই গ্রন্থটি তরুণ পাঠকদের পড়াতে পারলে প্রজন্ম উপকৃত হতো। কেননা সাহিত্যপাঠ ছাড়াই, বই না পড়েই এখন প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠছে। তাদের আবারও পাঠমুখী করে তুলতে হবে।

আগেই উল্লেখ করা হয়েছে, সুকান্তের কবিতার প্রধান বৈশিষ্ট্য ইতিহাস–সচেতনতা ও শ্রেণি–চেতনা। তিনি যতটা আবেগপ্রবণ ছিলেন, তারচেয়ে বেশি ছিলেন বাস্তববাদী। তাঁর দৃষ্টিতে কবিতা নিছক সৌন্দর্যের অনুশীলন নয়; তা হতে পারে সামাজিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। একুশ বছরের আয়ুষ্কালে মাত্র ছয়–সাত বছরের সাহিত্যজীবনে সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে যে মানবিক, উদার ও সংগ্রামী কাব্যধারা প্রতিষ্ঠা করেছেন, তা অতুলনীয় ও অনুকরণীয়। যেটা এখনো প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।

লেখক : সহযোগী সম্পাদক, দৈনিক আজাদী। ফেলো, বাংলা একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদাসীনতা কাম্য নয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণ