ঋণগ্রস্ত হয়ে আত্মগোপনে গিয়ে ‘অপহরণ নাটক সাজানো’ এক যুবককে উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়া থেকে উদ্ধার হওয়া রাশেদুল আলম (৩৮) হাটহাজারী উপজেলার ধলই ইউপির মনিয়া পুকুর পাড় এলাকার আবুল কালামের পুত্র। গতকাল মঙ্গলবার বিকালে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, রাশেদুল আলম বিভিন্ন মানুষের নিকট থেকে ধার করে ঋণগ্রস্ত হয়ে পড়েন। কয়েকদিন পূর্বে আত্মগোপনে চলে যান তিনি। পরে গত ১ জুলাই বিকালে রীনা আকতার নামে এক নারী তার স্বামী মো. রাশেদুল আলম অপহরণ হয়েছে জানিয়ে একটি ডায়েরি করেন। উক্ত ডায়েরির আলোকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটার দিকে রাঙ্গুনিয়া থানাধীন দক্ষিণ রাজানগর থেকে হাটহাজারী মডেল থানা পুলিশ নিখোঁজ মো. রাশেদুল আলমকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া মো. রাশেদুল আলম পুলিশকে জানায়, ঋণগ্রস্ত হয়ে পড়ায় তিনি অপহরণ নাটক সাজানোর চেষ্টা করেন।
হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।











