এক ছাদের নিচে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের মোট আটটি সিনেমা দেখার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বসছে ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস’ (বিএফএফডি) এর নবম আসর। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের আগামী শুক্রবার থেকে অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্রের উৎসব। খবর বিডিনিউজের।
এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান সৃজনের হাট জানিয়েছে, প্রবাসের মাটিতে নিজস্ব সংস্কৃতিকে বড় পর্দায় ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। ২০১৬ সালে যাত্রা শুরু করা উত্তর আমেরিকার এই উৎসবটি টানা নয় বছর ধরে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা চলচ্চিত্র নির্মাতাদের কাজকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে। উৎসবের প্রথম দিন শুক্রবার রাতের প্রদর্শনীতে থাকছে গেল বছরের দর্শকপ্রিয় সিনেমা ‘উৎসব’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিলিমা’। পরদিন ১ অগাস্ট শনিবার দুপুরে প্রথম শোয়ে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অনাবৃত’ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মনিহারা’।
একই দিন শনিবার রাতের দ্বিতীয় শো–তে দর্শকেরা উপভোগ করতে পারবেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘স্বার্থপর’ এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আমার কমরেড’। উৎসবের পর্দা নামবে ২ অগাস্ট। শেষ দিনের সমাপনী প্রদর্শনীতে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কর্পূর’ এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মিষ্টি বাতাসের ঘ্রাণ’।
আয়োজকরা জানিয়েছে, বিগত নয় বছরে শতাধিক স্বাধীন সিনেমা প্রদর্শন এবং হাজারো দর্শক–নির্মাতার মেলবন্ধনে এটি প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়েছে। শুধু চলচ্চিত্র প্রদর্শনই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সিনেমার বাজার তৈরি করা এবং নতুন প্রজন্মের প্রবাসীদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।












