প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু এবং তার স্মৃতিবিজড়িত এলআরবি ব্যান্ডের সুরের ধারাকে পরবর্তী প্রজন্মের মাঝে অমলিন রাখতে একটি সমন্বিত সংস্কৃতিক উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগের নাম দেওয়া হয়েছেন ‘উত্তরাধিকার’। খবর বিডিনিউজের।
রূপালী গিটারের জাদুকরের স্মৃতি ও কালজয়ী সৃষ্টি অক্ষত রাখতে আয়োজন বলে জানিয়েছেন বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। আয়োজনে আইয়ুব বাচ্চুর ২৪টি গান নিয়ে একটি বিশেষ ট্রিবিউট অ্যালবাম প্রকাশ হচ্ছে। এছাড়া তার ব্যবহৃত গিটার ও স্মৃতি সংরক্ষণে মিউজিয়াম ও ক্যাফে এবি’স কিচেন স্থাপন এবং চট্টগ্রামসহ দেশজুড়ে ধারাবাহিক কনসার্টের পরিকল্পনা করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক পত্রিকা ডেইলি স্টার এর কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে কাজের বিস্তারিত তুলে চন্দনা। তিনি জানিয়েছেন, বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা আইয়ুব বাচ্চুর কালজয়ী ২৪টি গান নতুন করে গাইছেন। ইকবাল আসিফ জুয়েলের মাস্টারিংয়ে নির্মিত অ্যালবামটি প্রথম দফায় ডাবল সিডি এবং পরবর্তীতে ভিনাইল (এলপি) সংস্করণে প্রকাশ করা হবে। আইয়ুব বাচ্চুর ক্যাপ, টি–শার্ট, ব্যান্ডানা, মগ ও গিটার পিকসহ একটি সীমিত সংস্করণের বক্স সেট হিসেবে সংগ্রাহকদের জন্য সরবরাহ করা হবে। ভ্যাটসহ প্রতিটি বক্স সেটের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা, যা অনলাইন ও নির্দিষ্ট সরাসরি আউটলেটে পাওয়া যাবে। আগামী ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে অ্যালবামটির ভিনাইল এলপি সংস্করণটি বাজারে আসবে। সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে ‘এবি’স কিচেন’ নামের একটি জাদুঘর ও ক্যাফে গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেন চন্দনা। সেখানে আইয়ুব বাচ্চুর আইকনিক গিটারগুলো সর্বসাধারণ ও ভক্তদের দর্শনের জন্য সংরক্ষিত থাকবে।












