দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় জয় পেয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সাউদার্ন ইউনিভার্সিটি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আইআইইউসি সহজেই ৪–০ গোলে বান্দরবান ইউনিভার্সিটি’কে এবং ২য় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি ৩–১ গোলে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে পরাজিত করে।
গতকাল খেলা শুরুর আগে ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিনের প্রথম ম্যাচে যোগ্যতর দল হিসেবে মাঠে অনমনীয় দৃঢ়তা দেখিয়ে সহজ জয় আদায় করে নেয় আইআইইউসি। তাদের প্রতিপক্ষ বান্দরবান ইউনিভার্সিটি মোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। কয়েকটি বিক্ষিপ্ত আক্রমণ ছাড়া তেমন কোন সুবিধে করতে পারেনি। এর মাঝে অবশ্য শেষ দিকে সহজ সুযোগ হাতছাড়া করলে ৪–০ গোলের পরাজয়ে মাঠ ছাড়ে বান্দরবান ইউনিভার্সিটি। খেলার শুরু থেকে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলে মাত্র ৭ মিনিটেই গোল পেয়ে যায় আইআইইউসি। এ সময় নুর মধ্যমাঠ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে জড়ান (১–০)। দুই মিনিট পরই আবারো নুর গোল করলে ২–০ গোলে এগিয়ে যায় আইআইইউসি। ১৯ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে নবী গোল করলে ৩–০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আইআইইউসি। দ্বিতীয়ার্ধে বান্দরবান ইউনিভার্সিটি’র রক্ষণভাগ কিছুটা দৃঢ়তা দেখায়। অবশ্য এর মাঝেও ২৩ মিনিটে নবী নিখুঁত প্লেসিং শটে আবারো গোল করলে ৪–০ গোলে লিড নেয় আইআইইউসি। পাশাপাশি টানা ২ গোল করা ছাড়াও মাঠে নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান নবী। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার মবিনুল ইসলাম খসরু। দিনের দ্বিতীয় খেলায় উল্লেখযোগ্য দিক ছিল সাউদার্ন ইউনিভার্সিটির চিরঞ্জীব বড়ুয়াকে লাল কার্ড প্রদর্শন। খেলার ৮ মিনিটে গোল পেয়ে যায় সাউদার্ন ইউনিভার্সিটি। বাঁ দিকে সতীর্থের ক্রসে প্রিমিয়ার ইউনিভার্সিটির বক্সে সৃষ্ট জটলা থেকে আলতো শটে গোল করেন নকী চন্দ্র দাস (১–০)। এরপর থেকে খেলায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে প্রিমিয়ার ইউনিভার্সিটি। কিন্তু সাউদার্ন ইউনিভার্সিটির ডিফেন্সে ফাটল ধরাতে পারেনি তারা। উল্টো ২৫ মিনিটে আরো এক গোল হজম করে ম্যাচ থেকে একরকম ছিটকে যায়। এ সময় পরিকল্পিত এক আক্রমণ থেকে নিখুঁত কোনাকুনি প্লেসিং শটে গোল করেন ফখরুল ইসলাম আনন্দ (২–০)। দ্বিতীয়ার্ধেও প্রিমিয়ার ইউনিভার্সিটি খেলায় ফিরে আসার চেষ্টা করে। কিন্তু পারেনি। পক্ষান্তরে দলীয় শক্তির বিচারে বেশ কিছুটা এগিয়ে থাকা সাউদার্ন ইউনিভার্সিটি আরো একটা গোল আদায় করে নেয়। এতে ৪২ মিনিটে নকী চন্দ্র দাস নিজস্ব দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন। অবশ্য ৫২ মিনিটে প্রিমিয়ার ইউনিভার্সিটির তাহসিন দূর্দান্ত হেডে গোল করে ব্যবধান কমান (৩–১)। খেলার ৫৫ মিনিটে সাউদার্ন ইউনিভার্সিটির বদলী খেলোয়াড় চিরঞ্জীব বড়ুয়া মারাত্মকভাবে ফাউল করে খেলার কারনে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এতে বাকি ৫ মিনিট সাউদার্ন ইউনিভার্সিটি একজন কম নিয়ে খেললেও ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলা শেষে সেরা খেলোয়াড় সাউদার্ন ইউনিভার্সিটি’র নকী চন্দ্র দাসের হাতে পুরস্কার তুলে দেন প্রিমিয়ার ইউনিভার্সিটি’র প্রক্টর সোলায়মান চৌধুরী ও সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী।











