শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এবং ইউনিভার্সিটি অব লেস্টারের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম, প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, সেন্টার ফর রিসার্চের ডিরেক্টর ড. মুহাম্মদ আজীজুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান ।
ইউনিভার্সিটি অব লেস্টারের পক্ষ থেকে সভায় অংশ নেন স্কুল অব বিজনেসের ডিন অব ইন্টারন্যাশনালাইজেশন ড. আবদুল জব্বার এবং কলাবরেটর নাভিদ এজাজ। উপস্থিত ছিলেন ইউরেশিয়া ইনস্টিটিউট জার্মানির বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ইমরান খান এবং এডভাইজার কান্ট্রি হেড (বাংলাদেশ) আসাদুজ্জামান রনি।
সভায় আইআইইউসি ও ইউনিভার্সিটি অব লেস্টারের মধ্যে শিক্ষা, গবেষণা এবং একাডেমিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব লেস্টারে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ এবং শিক্ষকদের জন্য পিএইচডি গবেষণার সম্ভাবনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। সভায় আইআইইউসির বিভিন্ন শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত কার্যক্রম তুলে ধরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও স্থাপনা পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












