আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিনিস্টেরিয়াল স্টাফদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ‘ট্রেনিং প্রোগ্রাম ফর মিনিস্টেরিয়াল স্টাফ’ এ পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে মিনিস্টেরিয়াল স্টাফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, সততা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে তারা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সেবার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেমের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের জয়েন্ট সেক্রেটারি ও সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি কর্মক্ষেত্রে দক্ষতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সভাপতি রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম (অব.) ‘আইআইইউসির দৈনন্দিন কার্যক্রমে মিনিস্টেরিয়াল স্টাফদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন।প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, অফিসিয়াল গোপনীয়তা রক্ষা, নিরাপত্তা সচেতনতা, পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অতিথি আপ্যায়ন ও খাবার পরিবেশনের শিষ্টাচার বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। শুরুতে দারসুল কুরআন পেশ করেন কিউএসআইএস’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. নোমান হাসান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘পারফর্ম অ্যাজ ইউ লাইক’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












