অ্যাক্রেডিটেশন অর্জনে পিছিয়ে থাকা মানে আমাদের অস্তিত্বের সংকটে পড়া

আইআইইউসি’র প্রশিক্ষণ কর্মসূচিতে ড. আলী আজাদী

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, অ্যাক্রেডিটেশন অর্জনে পিছিয়ে থাকা মানেই আমাদের অস্তিত্বের সংকটে পড়া। অ্যাক্রেডিটেশনের কাজ, ডকুমেন্টেশন, ফাইল সাজানো এবং ক্লাস ও গবেষণার বাইরের অতিরিক্ত দায়িত্ব, এসব বাড়তি কাজ নয়; বরং একটি বিশ্ববিদ্যালয় হিসেবে টিকে থাকার অন্যতম প্রধান শর্ত। অ্যাক্রেডিটেশন ছাড়া একটি ডিগ্রির মূল্য ও গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। গতকাল শনিবার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ব্যাক) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে আইআইইউসিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. ইয়াসির আরাফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুর আলম।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণের প্রথম অধিবেশনে ‘বিএসি অ্যাক্রেডিটেশনের বিধিমালা, প্রক্রিয়া ও এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট নির্দেশিকা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য ও বিশেষজ্ঞ বক্তা প্রফেসর ড. এস. এম. কবির। দ্বিতীয় অধিবেশনে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুযায়ী কারিকুলাম অভিযোজন এবং বিএসি অ্যাক্রেডিটেশনের মানদণ্ড ও মূল্যায়ন সূচক’ বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য ও কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, ডিগ্রির মান বলতে আমরা এতদিন যা বুঝতাম, আগামী দিনে সেই ধারণা পুরোপুরি বদলে যাচ্ছে। ব্যাকের স্বীকৃতি না থাকলে ডিগ্রির কোনো পেশাগত গ্রহণযোগ্যতা থাকবে না। ফার্মাসির ক্ষেত্রে ফার্মাসি কাউন্সিলের অনুমোদন না থাকলে শিক্ষার্থীরা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারে না। উল্লেখ্য, গতকাল শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে আগামী ৩ আগস্ট। আইআইইউসির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে এবারই প্রথমবারের মতো বিএসি অ্যাক্রেডিটেশন বিষয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ও নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধ১০ শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থী নিয়ে শুরু আইটি ফেয়ার