নগরীর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় মো. আলমগীর নামের একজনকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সে বোয়ালখালীর খরনদ্বীপ এলাকার মৃত নবী আহম্মেদের ছেলে। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না।
পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কানু রাম শর্মা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার বিচার কাজ চলাকালে বিচারক পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২১ নভেম্বর সিআরবি তিন রাস্তার মোড়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অস্ত্রসহ মো. আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১১ সালে ২৬ জানুয়ারি চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে ২০১২ সালের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












