বাঁশখালী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে শিক্ষা দপ্তরের কর্মকর্তারাসহ বাঁশখালীর ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ
পর্যায়ে সভায় অংশ নেওয়া বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন আতিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় অসুস্থ শিক্ষককে নিজ গাড়িতে তুলে এমপি জহিরুল ইসলাম বাঁশখালী হাসপাতালে নিয়ে যান, সেখানে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় শিক্ষকসহ উপস্থিত সকলে সংসদ সদস্যের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান । এদিকে বুধবার রাত ৯টায় এ ব্যাপারে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন,আমরা মিটিং শেষ করে বের হওয়ার সময় শিক্ষক জয়নাল আবেদীন আতিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এমপি জহিরুল ইসলামসহ অন্যরা এগিয়ে এসে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। পরে শিক্ষক জয়নাল আবেদীন সুস্থ বোধ করলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।














