ওমানে অনুষ্ঠেয় এসিসি অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। যুব দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান আল মুমিন। আগামী ৫ নভেম্বর শুরু হবে এবারের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে যুব টাইগাররা। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৪ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচই হবে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ এর আগে ২০২৩ ও ২০২৪ সালের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল। এবারও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ওমানে খেলতে যাবে যুব টাইগাররা। ১৫ সদস্যের বাংলাদেশ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ–অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিউর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।












