অক্সিজেন পেতে হলে ফুসফুসকে সুস্থ রাখুন

ডা. দুলাল দাশ | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বিশ্ব বায়ুমণ্ডলে যে গুরুত্বপূর্ণ, অপরিহার্য উপাদান রয়েছে যা প্রতিমূহূর্তেই মানবজীবনসহ সমস্ত প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখে যার অভাবে মানুষ তিন মিনিটের বেশি বাঁচতে পারে না তার নাম অক্সিজেন। পৃথিবী সৃষ্টির পর থেকে প্রকৃতি থেকে আমরা সেটা পেয়ে আসছি। একবার ভাবুনতো সৃষ্টিকর্তার এই অশেষ ভাণ্ডার যুগের পর যুগ আমাদেরকে সরবরাহ করে যাচ্ছে। তার জন্য কারো একটা পয়সা খরচ করতে হয় না। এটার সাহায্যে আমরা দিব্যি বেঁচে আছি। সেটাকে চোখে দেখা যায় না। মেশিনের সাহায্যে তার ফ্লোটা ধরা পড়ে। অক্সিজেনের ক্যমিকেল এ্যানালাইস হলো–রংহীন, স্বাদহীন, গন্ধহীন গ্যাস জাতীয় পদার্থ। প্রাপ্তি প্রাকৃতিকভাবে বাতাসে জ্বলে, অনেক খনিজ পদার্থে এবং অর্গানিক বস্তুতে। একটা মানুষের দৈনিক গড়ে ৫৬০ লিটার অক্সিজেন প্রয়োজন। একটা গাছ প্রতি বছর ২৬০ পাউন্ড অক্সিজেন ত্যাগ বা ছেড়ে দেয় সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। কথায় আছে নো অক্সিজেন নো লাইফ। সোজা কথা অক্সিজেন ছাড়া প্রাণীজগত বাঁচতে পারে না। এবং পারবে না। বিশ্বের ৮২০ কোটি মানুষ লক্ষ লক্ষ কোটি প্রাণী জগতকে বাঁচিয়ে রাখে একমাত্র অক্সিজেন। এর বিচ্যুতি, সংকট, অভাব নিমিষেই সমস্ত প্রাণী জগত পৃথিবী থেকে বিদায় নেবে। এর সংরক্ষণ ও ব্যবহার বিভিন্নভাবে আমরা করে থাকি। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মিল, ফ্যাক্টরি, কল কারখানায় জলেস্থলে এর অফুরন্ত ব্যবহার লক্ষ্যণীয়। রকেটে, উড়োজাহাজে, পাহাড় পর্বতে এর ব্যবহার অবশ্যম্ভাবী। সদ্য নবজাত শিশু থেকে শুরু করে আমৃত্যু একটা লোকের যে কোন সময় অক্সিজেনের প্রয়োজন হতে পারে। হার্টের প্রাণশক্তি অক্সিজেন, যেটা না পেলে হার্ট চলে না। দেখবেন কোন কোন নবজাতক শিশুর আঙ্গুল, ঠোঁটে, পায়ের পাতা নীল হয়ে যায়। তার কারণ সে জন্মগতভাবে হার্টের অসুখ নিয়ে জন্মেছে যার ফলে হার্টে ঠিকমত অক্সিজেন সরবরাহ হচ্ছে না। যাদের ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ আছে যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডি, ক্যানসার তারা ঠিকমত অক্সিজেন গ্রহণ করতে পারে না বিধায় কষ্টে জীবন যাপন করে। যাদের রক্ত স্বল্পতা ও হার্ট ফেইলিউর থাকে তারাও অক্সিজেন স্বল্পতায় ভোগে। আরও বহুবিধ কারণ আছে। আবার অক্সিজেনের কথায় আসা যাক। নিঃস্বার্থ উপকারী বৃক্ষ যার ছায়াতলেই গড়ে উঠেছিল মানব সভ্যতা, বৃক্ষছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না সেই বৃক্ষ কার্বনডাই–অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করে অক্সিজেন এর মতো প্রাণ বায়ুতে পৃথিবী ভরিয়ে দিতে পারে। ‘আমাজানকে’ পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ সারা বিশ্বের চাহিদার ১০% ভাগ অক্সিজেন আমাজান সাপ্লাই করে। অক্সিজেন হার্টকে সতেজ রাখে তাই যে সমস্ত ঘরে বায়ু অনায়াসে চলাচল করে সে ঘরে বাস করা স্বাস্থ্যসম্মত। স্লিপ অ্যাপনিয়া বলে একটা রোগ–বলব না এটা মেকানিক্যাল ফল্ট। অর্থাৎ কারো ঘুমের মধ্যে জিহবটা পিছনের দিকে চলে গিয়ে শ্বাসপ্রশ্বাসকে বাধাগ্রস্ত করে। তখন তার অক্সিজেন এর অভাব হয়। হঠাৎ ঘুম ভেঙে যায় ও ধরফর করে উঠে। জিহ্বটা সামনের দিকে আসলে অক্সিজেন প্রবেশ করে ও স্বাভাবিক হয়। এ অবস্থায় মৃত্যু পর্যন্ত হয়। এটা সারানোর জন্য ডাক্তারের পরামর্শে বাজার থেকে প্লাস্টিকের ডিভাইস ব্যবহার করা যায়। প্রাণ বাঁচানোর জন্য অক্সিজেনের ইমারজেন্সি প্রয়োজন সেটা কভিড–১৯ করোনাকালে হাড়ে হাড়ে টের পেয়েছি। চারদিকে ছোটাছুটি। শুধু অক্সিজেন এর অভাবে রোগীটা মারা যাচ্ছে। অর্থের বিনিময়েও অক্সিজেন পাওয়া যাচ্ছে না। ৫ হাজার টাকা অঙিজেন সিলিন্ডার ৪০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। চট্টগ্রামে High flow nesal caunlae নেই। ঢাকা থেকে আনা হচ্ছে। অক্সিজেনের সেন্ট্রল সাপ্লাই নাই বলে ভেন্টিলেটর চালানো যাচ্ছে না। কত অমূল্য জীবন আমরা হারিয়েছি। সেগুলি ভোলা চলবে না। বিশ্বজুড়ে এই মহামারী যে কোন সময় আবার আসতে পারে। তাই আগে থেকে প্রস্তুত থাকা দরকার। অক্সিজেনের ব্যাপারটা খুব স্পর্শকাতর। খুবই পরিতাপের বিষয় বড় বড় হাসপাতালগুলোতে জানা যায় অর্থের লোভে মুমূর্ষু রোগীকে অক্সিজেন মাস্ক নিয়ে অন্যরোগীকে দিতে গিয়ে ঐ রোগীটা মারা যায়। বকশিশ না পাওয়ায় অক্সিজেনের পানির সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে একটি নবজাতকের মৃত্যু হয়। হঠাৎ কোন রোগী সংকটাপন্ন হয়ে গেলে সেই মুহূর্তেই যদি অক্সিজেন পাওয়া না যায় এবং রোগী মারা যায় সেই মুহূর্তের পরিস্থিতির জন্য কে দায়ী? দুঃখজনক হলেও সত্য যে অক্সিজেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারণ করি এবং এক মুহূর্তের জন্য ত্যাগ করতে পারি না যার বিনিময়ে আমাদের এক টাকাও খরচ করতে হয় না, সেটার অপব্যবহার করতে আমরা দ্বিধা করি না। যারা ব্যবহারকারী তাদের একটুও অনুশোচনা হয় না। যেমন–হাসপাতালে, ক্লিনিকে, নার্সিং হোমে, বাসাবাড়িতে, কল–কারখানায়, মিল ফ্যাক্টরীতে এমনি আরো কতস্থানে। একটা সত্যঘটনা না বললেই নয় এক মহিলা ৮২ বছর বয়স। হার্টের রোগী। হঠাৎ এক শেষ রাতে তার শিরা ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না। হাত পা ঠাণ্ডা হয়ে যাচ্ছে। ঘাম দিচ্ছে। অর্থাৎ শকে যাচ্ছে। ঐ অবস্থায় তাকে বলা হলো একটু শ্বাস নিতে তাও পারছে না। বলা হলো কাশি দিতে। কোন প্রকারে ২–৩ টা কাশি দিল বলা হলো আরও একটু কাশতে। এবার হঠাৎ তার শিরা পাওয়া গেল। একটু হুঁশ আসলো। এইভাবে কাশি দিতে দিতে হাসপাতালে নেওয়া হলো সি.পি.আর দেওয়া হলো। রোগী বেঁচে গেল। অর্থাৎ কাশিতে অক্সিজেন ফুসফুসে গেল সেখান থেকে হার্টে যাওয়াতে হার্ট সচল হলো। এই হলো অক্সিজেন। সুতরাং এখানে ওষুধের চেয়ে অক্সিজেনের বিকল্প নেই। প্রতিবছর বাংলাদেশে প্রায় ৮০ লাখ মানুষের অক্সিজেন এর প্রয়োজন হয়। গ্রামে গঞ্জে স্বাস্থ্যসেবায় ‘সিলিন্ডার অক্সিজেন’ এখনও বিকল্প নেই। পর্যাপ্ত সংখ্যক কমিউনিটি হেলথ ওয়ার্কার নিযুক্ত করে প্রত্যন্ত অঞ্চলে অক্সিজেন সাপ্লাই নিশ্চিত করা দরকার। গ্রাম থেকে আসা সহজ সরল মানুষেরা বড় হাসপাতালে ভোগান্তি ছাড়া সেবা পায় তার আরো উদ্যোগ চলমান থাকা দরকার। অক্সিজেন পেতে হলে ফুসফুসকে সুস্থ রাখুন। ধূমপানকে না বলুন। যে হৃদয় আমাদের প্রাণ, তাকে ফুসফুসই অক্সিজেন সরবরাহ করে।

লেখক : প্রাক্তন–চিফ অ্যানাসথেসিও লাইস্ট, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএকান্নবর্তী পরিবার : প্রাসঙ্গিক ভাবনা
পরবর্তী নিবন্ধসাহিত্যের সাধক মমতাজ সবুর