বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দোকান থেকে ৯৪ কোটি টাকার সোনা চুরির মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডি। গত মঙ্গলবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিআইডি বলেছে, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর এক সোনা ব্যবসায়ীর ছেলে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলায় দোকানের বিক্রয় প্রতিনিধি কর্মী স্বপন বশাকের (৪৭) বিরুদ্ধে ৯৪ কোটি টাকার সোনা চুরির অভিযোগ আনা হয়। সিআইডির ভাষ্য, আত্মসাৎ করা সোনার অর্থে স্বপন বসাক জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। তিনি ফ্ল্যাট–গাড়ি কিনেছেন; পুঁজিবাজারে বিনিয়োগও করেছেন। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের স্টক যাচাই–বাছাইয়ের সময় দেখা যায় যে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে দোকান থেকে মোট ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।”
সিআইডি বলেছে, মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনের চাকরি করলেও স্বপন বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলেন। একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক হিসেবে তিনি প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন। ৪৪ লাখ ৫৫ হাজার মূল্যের কার পার্কিংসহ একটি ফ্ল্যাটের মালিক, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার রয়েছে তার।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মহিতুল আলম বলেন, ‘অলংকার নিকেতন’ নামে দোকান থেকে চাকরি ছেড়ে দিয়ে স্বপন বসাক বসুন্ধরা সিটিতে ‘আমিরাস জুয়েলার্স’ নামে স্বর্ণের দোকান খোলেন বছর দুয়েক আগে। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর তার আয়কর নথি এবং ব্যাংকের লেনদেন দেখে সন্দেহ হয়। এরপরেই তাকে কয়েক দিন ধরে গোপন অনুসন্ধান চালানোর পর গ্রেপ্তার করা হয়।












