চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে বিমানবন্দর এনএসআই, কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স। গতকাল বুধবার রাত ৮টা ১৫ মিনিটে আন্তর্জাতিক অ্যারাইভাল টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ১ হাজার ১২৮ কার্টুন সিগারেট (মন্ড) এবং ২০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।
আটক যাত্রীরা হলেন কক্সবাজারের চকরিয়ার সেলিম উল্লাহ, নোয়াখালীর হাতিয়ার মো. রায়হান উদ্দিন এবং চট্টগ্রামের পটিয়ার মো. মনসুরুল আলম।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার হওয়া সিগারেট থেকে প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আদায়যোগ্য। জব্দ করা পণ্যসমূহ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।












