টানা ৬ মাস বন্ধ থাকার পর গ্যাস সংকট কাটিয়ে আজ শনিবার উৎপাদনে যাবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানা। গত সপ্তাহে গ্যাস সরবরাহ পাওয়ার পর গত ৯ সেপ্টেম্বর থেকে অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়। কিন্তু ইউরিয়া প্লান্ট চালুর পর হঠাৎ আর সি পাম্পের সিল এ লিকেজ ধরা পড়লে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। সব ঠিক থাকলে আজ উৎপাদনে যাবে সিইউএফএল, আবারো হাজারো শ্রমিক–কর্মচারীর পদচারণায় মুখরিত হবে এই কারখানা এমন প্রত্যাশা সকলের।
জানা যায়, গ্যাস সংকটে টানা ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। যার ফলে কারখানা এক হাজার শ্রমিক কর্মচারীর জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। অবশেষে গত সপ্তাহে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ পাওয়ার পর এ কারখানার শ্রমিক কর্মচারীদের চোখে মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। কারখানা চালু করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের প্রাণপণ চেষ্টায় গত ৯ সেপ্টেম্বর থেকে অ্যামোনিয়া উৎপাদন শুরু করে। দীর্ঘদিন বন্ধ থাকা এ কারখানার বিভিন্ন যন্ত্রাংশ টানা তিন দিন অ্যামোনিয়া উৎপাদনের পর ইউরিয়া প্লান্ট চালু করা হলে প্লান্টের আর সি পাম্পের সিল লিকেজের কারণে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। সব কিছু অনুকূলে থাকলে আজ থেকে ইউরিয়া উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে আমরা প্রয়োজনীয় গ্যাস সরবরাহ পাওয়ার পর দীর্ঘ ৬ মাস বন্ধ থাকা কারখানা সচল করতে পুরোদমে কাজ শুরু করা হয়। গত ৯ তারিখ থেকে আমরা সফলভাবে অ্যামোনিয়া উৎপাদন করতে সক্ষম হয়। গতকাল থেকে ইউরিয়া উৎপাদনের যাওয়ার কথা থাকলেও হঠাৎ প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া ইউরিয়া উৎপাদন বন্ধ রাখতে হয়। ইতিমধ্যে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সফলভাবে ইউরিয়া উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আজ শনিবার থেকে পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু হবে।











