চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার ডেলিভারি বন্ধের প্রায় ৬ ঘণ্টা পর কন্টেনার পরিবহন চালু হয়েছে। এর আগে গতকাল বিকাল ৪টার দিকে বন্দরের ৫ নম্বর গেটে শ্রমিকদের সাথে বন্দর নিরাপত্তাকর্মীদের বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনার জেরে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এই ঘটনায় আহত হন আশিকুর রহমান নামে বন্দরের নিরাপত্তা কর্মীও। শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেটে প্রবেশ পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত এক নিরাপত্তা কর্মীর প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে পণ্য পরিবহন বন্ধ করে দেয় শ্রমিকরা।
প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেন এর প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। পরে বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালে তারা এসে মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আবারও ঝামেলা সৃষ্টি হয়। এরপর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ৬ ঘণ্টার পর রাত ১০ টার দিকে কন্টেনার পরিবহন আবার শুরু হয়।











